পুলিশের চোখ এড়াতে ধানক্ষেতে আত্মগোপন করেছিলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মজনু সরকার (৪৬)। তবে শেষ পর্যন্ত রক্ষা পাননি তিনি। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ধানক্ষেত থেকে তাকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে গোবিন্দগঞ্জ ও জয়পুরহাটের কালাই উপজেলা সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।
পুলিশ জানায়, অভিযানের সময় একটি ধানক্ষেতে লুকিয়ে ছিলেন মজনু সরকার। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মজনু সরকার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের আলী গ্রামের মৃত নাসির সরকারের ছেলে। তিনি শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ ছাড়া গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের ঘনিষ্ঠ ও আস্থাভাজন হিসেবে পরিচিত তিনি।
গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধানক্ষেতে আত্মগোপনে থাকা অবস্থায় মজনু সরকারকে আটক করা হয়।
আটকের পর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শুক্রবার দুপুরের মধ্যে তাকে গোবিন্দগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ডিবির এই কর্মকর্তা।







