আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর শাহবাগে আয়োজিত এক গণবিক্ষোভ সমাবেশ থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
দলীয় ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে প্রার্থী হয়েছেন দলটির শীর্ষ নেতা নাসীরুদ্দীন পাটোয়ারী।
চার দফা দাবিতে শাহবাগে গণবিক্ষোভ
শুক্রবার রাজধানীর শাহবাগে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, গ্যাস-বিদ্যুৎ সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে গণবিক্ষোভ সমাবেশের আয়োজন করে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা। চার দফা দাবি সামনে রেখে আয়োজিত এ কর্মসূচি থেকেই ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
সমাবেশে এনসিপির নেতারা বলেন, রাজধানীর সাধারণ মানুষ বর্তমানে গ্যাস ও বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সন্ত্রাস ও দখলদারিত্বের কারণে দুর্ভোগের মধ্যে রয়েছেন।
তাঁরা বলেন, নগরবাসীকে এই অচলাবস্থা ও জুলুম থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যেই জাতীয় নাগরিক পার্টি গণঅভ্যুত্থানের দুই অগ্রণী নেতাকে ঢাকাবাসীর সামনে তুলে ধরছে।
দলটির নেতারা আশা প্রকাশ করেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে তাঁদের প্রার্থীরা রাজধানীর নাগরিকদের সমস্যা সমাধান এবং নগর ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখবেন।







