ঠাকুরগাঁও-১ আসনের বিতর্কিত উপনির্বাচনের ফলাফল প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি তথ্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। অনলাইনের একটি নির্দিষ্ট গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছিল যে, পরাজিত জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন বিজয়ী বিএনপির এমপির বাসায় মিষ্টি নিয়ে গেছেন।
তবে বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন বলে নিশ্চিত হওয়া গেছে। মূলত জামায়াত প্রার্থী বিএনপির বাসায় যাননি; বরং নবনির্বাচিত বিএনপি সমর্থিত সংসদ সদস্য নিজেই সৌজন্যতার স্মারক হিসেবে ফুলের তোড়া ও মিষ্টি নিয়ে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় উপস্থিত হন।
উল্লেখ্য, ঠাকুরগাঁও-১ আসনের বহুল আলোচিত উপনির্বাচনে শেষ পর্যন্ত বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন। এই নির্বাচনে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন।
নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশের পরদিন শুক্রবার দুপুরে নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন সরাসরি ফুল ও মিষ্টি নিয়ে প্রতিদ্বন্দ্বী দেলাওয়ার হোসেনের বাসভবনে যান।
এমপি পদপ্রার্থী নিজ বাড়িতে এলে জামায়াত নেতা দেলাওয়ার হোসেনও রাজনৈতিক শিষ্টাচার ও স্বাভাবিক সৌহার্দ্যের খাতিরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় দুই নেতার মধ্যে বেশ কিছু সময় কুশল বিনিময় হয় এবং তাঁরা একে অপরকে মিষ্টিমুখ করান।
রাজনৈতিক সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচনের পরাজিত প্রার্থীকে বিজয়ী প্রার্থী শুভেচ্ছা জানাতে যাওয়ার এই ঘটনাটি সৌজন্যমূলক রাজনীতির একটি ইতিবাচক দৃষ্টান্ত। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্যটি ভুলভাবে উপস্থাপন করে রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় করার অপচেষ্টা চালানো হচ্ছে।







