প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনকে উদ্দেশ করে তীব্র সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
রবিবার (১ নভেম্বর ২০২৬) নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টে ড. শফিকুল ইসলাম মাসুদ লেখেন, “মজলুম থেকে জালিম হয়ে ওঠা উনিই হয়তো আবার মজলুম হলে এই সংবাদ মাধ্যমকেই আর্তচিৎকার করে বলবেন আমাকে বাঁছান! আমাকে বাঁছান।”
উল্লেখ্য, ২০১৮ সালের ১ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় রাশেদ খানের একটি ফেসবুক লাইভ ভিডিও দেশজুড়ে ব্যাপক আলোচিত হয়েছিল। সেদিন রাজধানীর মিরপুর-১৪ নম্বর এলাকার একটি বাসা থেকে ‘আমাকে বাঁচান, আমাকে তুলে নিয়ে যাচ্ছে’ শিরোনামে লাইভ করে তিনি দাবি করেছিলেন যে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁকে ধাওয়া করছে ও দরজা ভাঙার চেষ্টা করছে।
ওই দিনই তৎকালীন কোটা সংস্কার আন্দোলনের এই যুগ্ম আহ্বায়ককে ডিবির একটি দল গ্রেপ্তার করেছিল। পরবর্তীতে ছাত্রলীগের তৎকালীন কেন্দ্রীয় সভাপতির করা তথ্য ও প্রযুক্তি আইনের একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছিল।
