দেশের তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে ইন্ধন জোগানো হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, নিরীহ পোশাকশ্রমিকদের ব্যবহার করে দেশের রপ্তানি বাণিজ্য ও শিল্পকারখানার উৎপাদন ব্যাহত করার ষড়যন্ত্র চলছে। এ ধরনের কর্মকাণ্ড কঠোর হাতে মোকাবিলা করবে সরকার।
রোববার (১ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, গার্মেন্টসশিল্পে চলমান আন্দোলনের বিভিন্ন পর্যায়ে কিছু মুখোশধারী ব্যক্তি অনুপ্রবেশ করে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে। এ বিষয়ে সরকারের কাছে বেশ কিছু তথ্য রয়েছে, যেগুলো বিশ্লেষণ করা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, নিরীহ পোশাকশ্রমিকদের ব্যবহার করে সীমান্তের ওপার থেকে কেউ কেউ অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। এর উদ্দেশ্য দেশের রপ্তানি বাণিজ্য ও তৈরি পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম ব্যাহত করা।
তিনি আরও বলেন, যারা সহিংস কর্মকাণ্ডে জড়িত, তাদের ইতোমধ্যে আইনের আওতায় আনা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে পুলিশসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকবে।
দেশে শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার শিল্পকারখানার স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে চায়। একই সঙ্গে দেশের অর্থনৈতিক অগ্রগতি ও রপ্তানি খাতের সমৃদ্ধি নিশ্চিত করাও সরকারের লক্ষ্য।
তিনি বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের বিকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করে বলেন, এ শিল্পের আরও সম্প্রসারণ ও উন্নতি হোক, সেটিই সরকার প্রত্যাশা করে। দেশের রপ্তানি আয় বৃদ্ধিতে পোশাকশিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
