চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্যের রুটিন দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছার। তাকে আগে থেকে না জানিয়ে এ দায়িত্ব দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন, প্রয়োজনে তাকে ডিন পদ থেকে সরিয়ে দেওয়া হোক। তিনি এ ধরনের দায়িত্বের সঙ্গে যুক্ত হতে চান না।
মঙ্গলবার (৩ নভেম্বর) উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের পাঠানো এক ই-মেইল বার্তায় অধ্যাপক আবু কাউছারকে উপাচার্যের রুটিন দায়িত্ব পালনের বিষয়টি জানানো হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দাপ্তরিক কাজে উপাচার্য ঢাকায় অবস্থান করায় তার অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম সচল রাখতে অধ্যাপক আবু কাউছারকে এ দায়িত্ব দেওয়া হয়। তবে তিনি দায়িত্ব গ্রহণে সম্মত হননি।
এ বিষয়ে অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছার বলেন, তাকে জিজ্ঞাসা না করেই এ দায়িত্ব দেওয়া হয়েছে। উপাচার্য নিজের সিদ্ধান্তে একটি ই-মেইল পাঠালেই তিনি সেই দায়িত্ব পালন করতে বাধ্য নন। বিষয়টি নিয়ে তিনি মুঠোফোনে উপাচার্যের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং দায়িত্ব গ্রহণে সরাসরি অস্বীকৃতি জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমি উনাকে বলেছি, দরকার হলে আমাকে ডিন পদ থেকে বাদ দিয়ে দেন। আমি এসবের মধ্যে নেই।’
এর আগে গত রোববার (১ নভেম্বর) এক দিনের জন্য উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া হয়েছিল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেনকে।
ওই ই-মেইল বার্তায় উপাচার্য জানিয়েছিলেন, ২ নভেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি সরকারি সভায় অংশ নিতে তিনি ঢাকায় অবস্থান করবেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে অধ্যাপক কাজী দেলোয়ার হোসেনকে রুটিন দায়িত্ব দেওয়া হয়।
পরিকল্পনা অনুযায়ী, ১ নভেম্বর বিকেল থেকে এ দায়িত্ব কার্যকর হওয়ার কথা ছিল। উপাচার্য ২ নভেম্বর সন্ধ্যায় কর্মস্থলে ফিরে পুনরায় দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত অধ্যাপক কাজী দেলোয়ার হোসেনের দায়িত্ব পালনের কথা ছিল।
তবে নির্ধারিত সময়ে কর্মস্থলে ফিরে না আসায় উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম অধ্যাপক আবু কাউছারকে রুটিন দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু এ দায়িত্ব গ্রহণে অস্বীকৃতি জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন অধ্যাপক আবু কাউছার।
