আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমানের একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন জামায়াতে ইসলামীর নেতা মাসুদ সাঈদী। ভিডিওটি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘গোয়েন্দা তথ্য সঠিক— দুই দল এক হয়েছে।’
ভিডিওতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতে ইসলামীকে নিয়ে বিভিন্ন মন্তব্য করতে দেখা যায় আমজনতার দলের এই নেতাকে। তাঁর বক্তব্যে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান, জামায়াতের নির্বাচনে আসনপ্রাপ্তি এবং দলটির সমালোচনা সহ্য করার সক্ষমতার বিষয়গুলো উঠে আসে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারেক রহমান বলেন, জাপান সফরে আওয়ামী লীগ নিয়ে তেমন কোনো আলোচনা হয়নি। তবে জামায়াতের ‘গুপ্তগিরি’ নিয়ে আলোচনা হয়েছে। তাঁর দাবি, বিএনপি আওয়ামী লীগকে ভয় পায় না। বরং আওয়ামী লীগ রাজনৈতিকভাবে সক্রিয় থাকলে জামায়াতের অস্তিত্ব সংকট তৈরি হতো এবং দলটি নির্বাচনে এত আসন পেত না।
আওয়ামী লীগকে আবার রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপি দেশের দুটি বড় রাজনৈতিক দল। এসব দলের সমালোচনা করা যায় এবং তারা নিজেদের ভুল দ্রুত স্বীকার করার মানসিকতাও রাখে। তাদের ভুলত্রুটি তুলে ধরলে সমালোচকদের শাস্তির মুখে পড়তে হয় না বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে জামায়াতের এক সংসদ সদস্যের বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সেটি নিয়ে সমালোচনা করায় দলটি অসহিষ্ণু আচরণ করেছে বলে অভিযোগ করেন তারেক রহমান। তাঁর ভাষ্য অনুযায়ী, সমালোচনার জবাবে জামায়াত পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে। তবে বড় রাজনৈতিক দলগুলোর সমালোচনা গ্রহণ করার মতো উদার মানসিকতা থাকা প্রয়োজন।
আমজনতার দলের সদস্যসচিবের এসব মন্তব্যসংবলিত ভিডিওটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করে মাসুদ সাঈদী ‘গোয়েন্দা তথ্য সঠিক— দুই দল এক হয়েছে’ মন্তব্য করেন। তাঁর এই ক্যাপশন ঘিরেও সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক আলোচনা তৈরি হয়েছে।
