আসন্ন ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৪ নভেম্বর) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজস্ব দপ্তরে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই স্মারক ডাকসামগ্রী অবমুক্ত করা হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এই তথ্য নিশ্চিত করেছেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের একটি ডেটা কার্ড অবমুক্ত করেন। এ সময় তিনি সরাসরি ডাকটিকিট ও খামে স্বাক্ষর করার পাশাপাশি বিশেষ সিলমোহর ব্যবহার করে এর আনুষ্ঠানিক অনুমোদন দেন। বাংলাদেশ ডাক বিভাগের উদ্যোগে প্রকাশিত এই স্মারক ডাকসামগ্রী দেশের সব ডাকঘর থেকে সংগ্রহ করা যাবে।
অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. কামরুজ্জামান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম।
এছাড়াও প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।







