আওয়ামী লীগ সরকারের আমলের বিতর্কিত রাজনৈতিক তকমা ও দলীয়করণ থেকে মুক্ত করতে বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করেছে সদ্য দায়িত্ব নেওয়া বিএনপি সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিতর্কিত ‘জয় বাংলা’ স্লোগান এবং জাতীয় চার নেতার নামে থাকা জাহাজগুলোর নতুন নামকরণ অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-৩ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই পরিবর্তন আনা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব মাসফিকা হোসেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক স্লোগান হিসেবে ব্যবহৃত ‘বিসিজিএস জয় বাংলা’ জাহাজের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বিসিজিএস অদম্য বাংলা’।
অন্যদিকে ভারতপন্থী হিসেবে সমালোচিত সাবেক চার আওয়ামী লীগ নেতার নামানুসারে রাখা চারটি জাহাজের নাম প্রতিস্থাপন করে বাংলাদেশ নৌবাহিনীর চার বীর শহীদের নামে পুনর্নামকরণ করা হয়েছে। এর মধ্যে ‘বিসিজিএস সৈয়দ নজরুল’-এর নতুন নাম করা হয়েছে ‘বিসিজিএস ফিরোজ কবীর’ এবং ‘বিসিজিএস তাজউদ্দীন’-এর নাম দেওয়া হয়েছে ‘বিসিজিএস নুরুল ইসলাম’।
একইভাবে ‘বিসিজিএস মনসুর আলী’-এর নাম পরিবর্তন করে ‘বিসিজিএস এম হুমায়ুন কবীর’ এবং ‘বিসিজিএস কামরুজ্জামান’-এর নতুন নাম রাখা হয়েছে ‘বিসিজিএস আশরাফ সিদ্দিকী’।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, যে চারজন বীর নৌ-কর্মকর্তার নামে জাহাজগুলোর নতুন নামকরণ করা হয়েছে, তাঁরা সকলেই বিভিন্ন সময় দেশ ও দেশের বাইরে পেশাগত দায়িত্ব ও অভিযান পরিচালনা করতে গিয়ে শাহাদাত বরণ করেছিলেন। বাংলাদেশ কোস্টগার্ডের পক্ষ থেকে প্রেরিত প্রস্তাবের ভিত্তিতেই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই সিদ্ধান্ত দ্রুত কার্যকর করা হয়েছে।







