ভারতের সঙ্গে স্বাক্ষরিত ঐতিহাসিক গঙ্গা নদীর পানিবণ্টন চুক্তির নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার মুখে এ বিষয়ে জাতীয় সংসদে সাধারণ আলোচনার দাবি জানিয়েছে বিরোধী দল। আগামী ১২ ডিসেম্বর ১৯৯৬ সালে সম্পাদিত ৩০ বছর মেয়াদি এই চুক্তির মেয়াদ পূর্ণ হতে যাচ্ছে। বাংলাদেশের জাতীয় পানি নিরাপত্তা ও পরিবেশগত স্বার্থ সুরক্ষায় অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে জাতীয় সংসদের কার্যপ্রণালির ১৪৭ বিধিতে নোটিস দিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম (আরমান)।
সংসদে নোটিস দেওয়ার বিষয়টি নিশ্চিত করে জামায়াতের সংসদীয় দলের মুখপাত্র নাজিবুর রহমান জানান, সোমবার সংসদ অধিবেশনের সূচনা দিনে আনুষ্ঠানিকভাবে এটি জানানো না হলেও দু-একদিনের মধ্যে স্পিকার এ নোটিসের বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। আন্তর্জাতিক পানিপ্রবাহ আইন ও অববাহিকাভিত্তিক সুষম বন্টন নীতির আলোকে ভারতের সঙ্গে কূটনৈতিক আলোচনা জোরদার এবং দেশের ভেতরে গঙ্গা ব্যারাজ ও তিস্তা মহাপরিকল্পনার মতো দীর্ঘমেয়াদি প্রকল্প বাস্তবায়নের ওপর নোটিসে বিশেষ জোর দেওয়া হয়েছে।
মীর আহমাদ বিন কাসেম তাঁর প্রস্তাবে উল্লেখ করেন, সময়মতো ন্যায্য পানিবণ্টন নিশ্চিত করা না গেলে শুষ্ক মৌসুমে ফারাক্কা পয়েন্টে পানির তীব্র সংকট দেখা দিতে পারে। এর ফলে দেশের কৃষি ও খাদ্য নিরাপত্তা ব্যাহত হওয়ার পাশাপাশি গড়াইসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদীগুলোর নাব্য হ্রাস, সুন্দরবনের জীববৈচিত্র্য ধ্বংস এবং ভয়াবহ লবণাক্ততা বৃদ্ধির মারাত্মক ঝুঁকি রয়েছে। তাই চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই চুক্তি নবায়ন বা নতুন সুষম চুক্তি সম্পাদনে সরকারের জরুরি উদ্যোগ নেওয়া অপরিহার্য।
এদিকে, কার্যপ্রণালির ১৪৭ বিধিতে দেশের তৈরি পোশাক (গার্মেন্টস) শিল্প খাতের চলমান শ্রমিক অসন্তোষ, জ্বালানি সংকট ও কাঠামোগত নানা সমস্যা নিরসনে পৃথক আলোচনার প্রস্তাব দিয়েছেন বিরোধীদলীয় সংসদ সদস্য নাজিবুর রহমান।
এ ছাড়া কার্যপ্রণালির ৬৮ বিধিতে আরও দুটি পৃথক প্রস্তাব জমা দিয়েছেন জামায়াতের অন্য দুই সংসদ সদস্য। দেশের বিভিন্ন অঞ্চলে কৃষকদের সার সংকট, কালোবাজারি, অতিরিক্ত মূল্য ও ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ তুলে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ। অন্যদিকে, এলপিজি গ্যাসসহ জ্বালানি পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং বাজারে মনিটরিং নিশ্চিত করার দাবিতে প্রস্তাব জমা দিয়েছেন ব্যারিষ্টার মাহবুবুল আলম।
জামায়াতের সংসদীয় দলের মুখপাত্র আরও জানান, ৬৮ বিধিতে আরও তিনটি গুরুত্বপুর্ণ বিষয়ে আলোচনার নোটিস দেওয়া হবে। এর মধ্যে প্রধান মন্ত্রীর জাপান সফর ও মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে কথা বলবেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি নিয়ে নোটিস দেবেন সংসদ সদস্য কামাল হোসাইন এবং রোহিঙ্গা সংকট নিয়ে নোটিস আনবেন মীর আহমাদ বিন কাসেম।







