ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর অনুরোধ জানিয়ে বাংলাদেশ হাইকমিশনে পাঠানো একটি চিঠিকে আবেদন হিসেবে প্রচার করা হয়েছে বলে মন্তব্য করেছেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান। তাঁর দাবি, শেখ হাসিনা নিজে নতুন পাসপোর্ট বা এনআইডির জন্য কোনো আবেদন করেননি।
মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে তথ্য যাচাই না করে সংবাদ প্রকাশ এবং চটকদার শিরোনাম ব্যবহারের সমালোচনা করেন তিনি।
পোস্টে সাইদুর রহমান জানান, গত ৯ নভেম্বর লন্ডনভিত্তিক আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে ব্রিটিশ আইনজীবী স্টিভেন পাউলস কেসি দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে একটি চিঠি পাঠান। চিঠিতে শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর অনুরোধ জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, সাবেক অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তাঁরা জানতে পেরেছেন। এ অবস্থায় তাঁর জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানানো হয়। পাশাপাশি বিষয়টি দ্রুত প্রক্রিয়াকরণ এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও নথিপত্র সম্পর্কে অবহিত করার আহ্বান জানানো হয়।
স্টিভেন পাউলস কেসি ওই চিঠিতে নিজেকে শেখ হাসিনার আইনি পরামর্শদাতা হিসেবে পরিচয় দিয়েছেন বলে জানান সাইদুর রহমান।
তবে তাঁর দাবি, চিঠিতে শেখ হাসিনা নিজে নতুন পাসপোর্ট বা এনআইডির জন্য আবেদন করেছেন—এমন কোনো তথ্য ছিল না। অথচ বিভিন্ন গণমাধ্যমে বিষয়টিকে ‘শেখ হাসিনার পাসপোর্টের জন্য আবেদন’ শিরোনামে প্রকাশ করা হয়েছে।
সাইদুর রহমান আরও জানান, ম্যাট্রিক্স চেম্বার্সের কাছ থেকে ই-মেইল পাওয়ার আগেই বিদেশি গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশের প্রস্তুতি চলছিল। এমনকি সোমবার সকাল সাড়ে ৯টায় চিঠি হাতে পাওয়ার আগেই কয়েকজন দেশি-বিদেশি সাংবাদিক তাঁকে রয়টার্সে প্রকাশিত সংবাদের লিংক পাঠান। পরে ওই সংবাদের ভিত্তিতে দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রায় একই ধরনের শিরোনামে খবর প্রকাশিত হয়।
এ ধরনের সংবাদ পরিবেশনের সমালোচনা করে তিনি বলেন, যাচাই-বাছাই ছাড়া বিদেশি সংবাদমাধ্যমের তথ্য প্রচারের প্রতিযোগিতা দায়িত্বশীল সাংবাদিকতার পরিচয় হতে পারে না। চটকদার শিরোনামের পরিবর্তে তথ্য, নীতি ও নৈতিকতার ভিত্তিতে সংবাদ প্রকাশ করা প্রয়োজন। ‘শেখ হাসিনা দেশে ফিরতে পাসপোর্টের আবেদন করেছেন’—এ ধরনের সংবাদ সাময়িকভাবে পাঠকের দৃষ্টি আকর্ষণ করলেও দীর্ঘমেয়াদে গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত করে।
পোস্টে তিনি বাংলাদেশের গণমাধ্যমের অতীত ভূমিকা নিয়েও সমালোচনা করেন। তাঁর অভিযোগ, বিগত ১৭ বছরে গণমাধ্যমের একটি বড় অংশ ক্ষমতাসীনদের স্বার্থ রক্ষায় কাজ করেছে। সেই চর্চা থেকে বেরিয়ে এসে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
শেখ হাসিনার পাসপোর্ট পাওয়ার যোগ্যতা প্রসঙ্গে সাইদুর রহমান বলেন, বাংলাদেশের আদালতে দণ্ডিত কোনো ব্যক্তি পাসপোর্ট পাওয়ার যোগ্য কি না, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে ব্যাখ্যা দেওয়া হয়েছে। বন্দি বিনিময় প্রক্রিয়ায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের প্রচেষ্টারও ঘাটতি নেই বলে দাবি করেন তিনি।
ম্যাট্রিক্স চেম্বার্সের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন হাইকমিশনের এই প্রেস মিনিস্টার। তাঁর ভাষ্য, প্রতিষ্ঠানটি গত ১৫ মাসে আন্তর্জাতিক পরিসরে পাঁচবার বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কাজ করেছে। আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে শেখ হাসিনার পক্ষে আবেদন, আওয়ামী লীগ নিষিদ্ধকরণের বিরোধিতা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারপ্রক্রিয়ার বিরোধিতা এবং আটক সাবেক সংসদ সদস্যদের পক্ষে প্রতিষ্ঠানটি কাজ করেছে বলে তিনি উল্লেখ করেন।
সাইদুর রহমান আরও বলেন, নির্বাচিত সরকারের বিরুদ্ধে পতিত সরকারের পলাতক গোষ্ঠীর নাশকতামূলক কর্মকাণ্ডের বিষয়েও গণমাধ্যমের গুরুত্ব দেওয়া উচিত। সাংবাদিকদের কাজ হলো সমাজের অনিয়ম, অন্যায় ও বাস্তব চিত্র জনগণের সামনে তুলে ধরা এবং শাসক ও দায়িত্বশীল ব্যক্তিদের জবাবদিহির আওতায় রাখা।
তিনি মনে করেন, সাংবাদিকতা সমাজের দর্পণ। এই দর্পণকে নিজেদের স্বার্থে ব্যবহার বা নিয়ন্ত্রণ করার সুযোগ নেই। তাই গণমাধ্যম ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেন তিনি।
