কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে ছাত্রদল নেতাকর্মীদের সংঘবদ্ধ হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন সদস্য। এ ঘটনায় কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ ১০ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
গত বুধবার (১১ নভেম্বর ২০২৬) বিকেলে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) রকিব উদ্দীন জনি বাদী হয়ে মামলাটি দায়ের করেন (মামলা নম্বর-২০)। মামলাটিতে দণ্ডবিধির বিভিন্ন ধারার পাশাপাশি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(১)(ক) ধারা যুক্ত করা হয়েছে।
মামলার এজাহারনামীয় আসামিরা হলেন—কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শিমুল (২২), কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক আহ্বায়ক কাদের (২৪), শহর ছাত্রদল নেতা সংগ্রাম (২৬), সামিউল হক রাফি (২৩), হৃদয় (২৪), জীবন (২৬), সুমন (২৪), তানভীর (২৫), আপন (২৪) এবং আকাশ শাহরিয়ার জয় (২৩)।
এজাহার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসের ২ নম্বর গেটসংলগ্ন এলাকায় মাদকের বড় চালান কেনাবেচা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে ডিবি পুলিশের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারি পালানোর চেষ্টা করলে পুলিশ সদস্যরা তাকে ধাওয়া করে আটক করেন।
ঠিক সেই মুহূর্তে অভিযুক্ত ছাত্রদল নেতাদের নেতৃত্বে অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জন উচ্ছৃঙ্খল যুবক সংঘবদ্ধভাবে ডিবি পুলিশ সদস্যদের ঘিরে ধরেন। অভিযোগ উঠেছে, তারা পুলিশের ওপর চড়াও হয়ে অসৌজন্যমূলক আচরণ, বেধড়ক মারধর এবং সরকারি কাজে সরাসরি বাধা প্রদান করেন। একপর্যায়ে হামলাকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সরকারি অস্ত্র ও গুলি ছিনিয়ে নেওয়ারও চেষ্টা চালান এবং প্রাণনাশের হুমকি দেন।
খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা দ্রুত ক্যাম্পাস ছেড়ে পালিয়ে যান। পরবর্তীতে হামলায় গুরুতর আহত তিন ডিবি সদস্যকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে মাদক কারবারিদের রক্ষায় খোদ ছাত্রসংগঠনের নেতাদের এমন প্রকাশ্য মব ও পুলিশের ওপর হামলার ঘটনায় সাধারণ শিক্ষার্থী ও সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব না হলেও পলাতক আসামিদের ধরতে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।
