কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রশাসনের সুস্পষ্ট সিদ্ধান্ত ও নির্দেশনা উপেক্ষা করে তড়িঘড়ি করে নতুন করে স্থায়ী মন্দির স্থাপনের চেষ্টার অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে কেবল অস্থায়ী মন্দিরের জন্য স্থান নির্ধারণ করে দেওয়া হলেও সেখানে নিয়মবহির্ভূতভাবে পাকা ও স্থায়ী অবকাঠামো নির্মাণের কাজ শুরু হওয়ায় ক্যাম্পাসজুড়ে তীব্র চাঞ্চল্য ও বিতর্কের সৃষ্টি হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য আগে থেকেই একটি নির্ধারিত প্রার্থনালয় রয়েছে। এর পাশাপাশি ক্যাম্পাসের থানা গেট সংলগ্ন এলাকায় অস্থায়ী মন্দির স্থাপন করে বড় পরিসরে পূজা উদযাপন করা হতো। পরবর্তীতে অস্থায়ী মন্দির স্থানান্তরের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে একটি নির্দিষ্ট জায়গা বরাদ্দ দেওয়া হয়।
তবে প্রশাসনের সেই নির্ধারিত জায়গায় অস্থায়ী কাঠামোর পরিবর্তে স্থায়ী স্থাপনা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হলে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। এ বিষয়ে অস্থায়ী মন্দির স্থানান্তর কমিটির সদস্য-সচিব ও বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) মোহা. আলিমুজ্জামান জানান, সংশ্লিষ্টদের স্পষ্টভাবে অস্থায়ীভাবে মন্দিরটি স্থাপনের কথা বলা হয়েছিল। সেখানে কোনো ধরনের পাকা বা স্থায়ী অবকাঠামো নির্মাণের অনুমোদন কিংবা সিদ্ধান্ত হয়নি।
প্রকৌশল দপ্তর সূত্রে আরও জানা যায়, প্রশাসনের অগোচরেই সেখানে স্থায়ী অবকাঠামো নির্মাণের কাজ এগিয়ে নেওয়া হচ্ছিল। বিষয়টি জানাজানি হওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে—কার ইন্ধনে বা কোন শক্তির জোরে প্রশাসনের লিখিত ও মৌখিক নির্দেশনা অমান্য করে এভাবে স্থায়ী স্থাপনা নির্মাণের সাহস দেখানো হলো।
এ প্রসঙ্গে অস্থায়ী মন্দির স্থানান্তর কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এমতাজ হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রশাসনের নির্দেশনা অনুযায়ী পূর্বের অবকাঠামোর আকৃতি ও ধরন বজায় রেখে নতুন বরাদ্দকৃত জায়গায় একই রকমভাবে মন্দিরটি অস্থায়ীভাবে স্থানান্তর করার কথা বলা হয়েছিল। কিন্তু সেই নির্দেশনা পুরোপুরি অমান্য করে সেখানে স্থায়ীরূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম ও প্রশাসনিক সিদ্ধান্তের সুস্পষ্ট লঙ্ঘন।
