সাবেক আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা এবং ২০২৪ সালের ছাত্র আন্দোলনের বিরোধিতা করার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের এক নেত্রীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত শারমিন আক্তার রিতা ঢাকা মহানগর দক্ষিণের যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষাবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা আক্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শারমিন আক্তার রিতার বিরুদ্ধে ২০২৪ সালের ছাত্র আন্দোলনের বিরোধিতা, আন্দোলন-পরবর্তী সময়ে দায়ের হওয়া বিভিন্ন মামলা এবং সাবেক আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক কর্মকাণ্ডে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব অভিযোগ ও প্রাপ্ত তথ্য যথাযথভাবে যাচাই-বাছাইয়ের পর দলীয় নীতিমালা এবং সাংগঠনিক স্বার্থ বিবেচনায় নেওয়া হয়েছে। কেন্দ্রীয় মহিলা দলের অনুমোদনক্রমে তাঁকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
