জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অভিভাবকসুলভ নেতৃত্ব বাংলাদেশের রাজনীতিকে আরও গণমুখী করে তুলেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে সাদিক কায়েম লিখেছেন, ২০২৪-পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের অভিভাবকসুলভ ভূমিকা দেশের রাজনীতিকে জনগণের আরও কাছাকাছি নিয়ে এসেছে। বিএনপি সরকারের ব্যর্থতা ও দায় এড়ানোর রাজনীতির বিপরীতে সংসদে তিনি জনগণের পক্ষে সোচ্চার ভূমিকা পালন করছেন।
তিনি আরও লেখেন, বিগত ১৭ বছরে বিদেশি এজেন্সির সঙ্গে বিএনপি নেতাদের একাধিক বৈঠক এবং অতীত পররাষ্ট্রনীতির জন্য ক্ষমা চাওয়ার ইতিহাস সামনে আনা থেকে শুরু করে সীমান্তে সাধারণ মানুষের প্রতিরোধের স্বীকৃতি দেওয়া—ডা. শফিকুর রহমানের বক্তব্যের প্রতিটি বিষয়েই ক্ষমতাসীন বিএনপির ব্যর্থতা ও প্রতারণায় হতাশ জনগণ নতুন আশার সন্ধান পেয়েছে।
পোস্টের শেষাংশে ডাকসু ভিপি আশাবাদ ব্যক্ত করে বলেন, ডা. শফিকুর রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে জবাবদিহিমূলক, জনকল্যাণমুখী এবং আধিপত্যবাদের কাছে মাথানত না করা একটি দেশ। ইনশাআল্লাহ।
