যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নির্বাচিত মুসলিম সিনেটর হিসেবে পবিত্র কোরআনে হাত রেখে শপথ নেওয়ার ঘোষণা দিয়েছেন মিশিগান অঙ্গরাজ্যের নবনির্বাচিত সিনেটর আব্দুল এল-সায়েদ। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম এনপিআর-এর ‘নিউজমেকারস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিজেই এই ঐতিহাসিক পরিকল্পনার কথা জানান।
আগামী ২০২৭ সালের জানুয়ারি মাসে নবনির্বাচিত অন্যান্য জনপ্রতিনিধিদের সঙ্গে তিনি সিনেটর হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই শপথবাক্য পাঠ করাবেন বলে ধারণা করা হচ্ছে।
আব্দুল এল-সায়েদ জানিয়েছেন, শপথ গ্রহণের জন্য তিনি ঐতিহাসিক দুটি কোরআনের মধ্যে যেকোনো একটি বেছে নেওয়ার পরিকল্পনা করছেন। তবে কোন কপিটি ব্যবহার করবেন, তা এখনো চূড়ান্ত করেননি।
এই দুটি বিকল্পের প্রথমটি হলো সাবেক মার্কিন প্রেসিডেন্ট থমাস জেফারসনের ব্যক্তিগত সংগ্রহে থাকা এবং তাঁর ব্যবহৃত ঐতিহাসিক কোরআনের কপিটি, যা বর্তমানে লাইব্রেরি অব কংগ্রেসে সংরক্ষিত আছে। এর আগে ২০০৭ সালে প্রথম মুসলিম হিসেবে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে নির্বাচিত হওয়ার পর কিথ এলিসন এই একই কোরআনে হাত রেখে শপথ নিয়েছিলেন।
দ্বিতীয় বিকল্প হিসেবে মিশিগান বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত অত্যন্ত প্রাচীন একটি কোরআনের পাণ্ডুলিপির কথা উল্লেখ করেছেন এল-সায়েদ, যেটিকে মিশিগান অঙ্গরাজ্যের প্রথম কোরআন হিসেবে বিবেচনা করা হয়।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে রিপাবলিকান পার্টির মাইক রজার্সকে পরাজিত করে মিশিগানের সিনেটর নির্বাচিত হন আব্দুল এল-সায়েদ। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এর আগে প্রতিনিধি পরিষদে মুসলিম আইনপ্রণেতা নির্বাচিত হলেও উচ্চকক্ষ সিনেটে এর আগে কখনো কোনো মুসলিম নির্বাচিত হননি।
সাক্ষাৎকারে শপথের তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে এল-সায়েদ বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিরা মূলত সংবিধানের প্রতিই আনুগত্যের শপথ নেন, কোনো নির্দিষ্ট ধর্মগ্রন্থের প্রতি নয়। মার্কিন সংবিধান অনুযায়ী, শপথ গ্রহণের ক্ষেত্রে কোনো ধর্মগ্রন্থ ব্যবহারের বাধ্যবাধকতা না থাকলেও জনপ্রতিনিধিরা চাইলে নিজ নিজ ধর্মের পবিত্র গ্রন্থে হাত রেখে শপথ নিতে পারেন।
