গোপালগঞ্জের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন হবিগঞ্জের বর্তমান জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ। অন্যদিকে, গোপালগঞ্জের বর্তমান জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে জেলা প্রশাসক পর্যায়ে এই রদবদলের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব জেতী প্রু।
প্রজ্ঞাপন অনুযায়ী, মো. আরিফ-উজ-জামানকে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজকে গোপালগঞ্জের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর মাধ্যমে তার কর্মস্থল পরিবর্তন করে গোপালগঞ্জে পদায়ন করা হলো।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
