কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সকাল-সন্ধ্যা সর্বাত্মক লকডাউনের ঘোষণার মধ্যেও বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানী ঢাকাসহ দেশের অধিকাংশ অঞ্চলে স্বাভাবিক ছিল যান চলাচল ও মানুষের জীবনযাত্রা।
গত ১৩ নভেম্বর দলটির ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আট দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ১৯ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক লকডাউনের কর্মসূচি ঘোষণা করা হয়। ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রচার-প্রচারণা ও অপপ্রচার চালানো হয়।
তবে বৃহস্পতিবার সকাল থেকে রাজধানী ঢাকার গণপরিবহন, মেট্রোরেল, ব্যবসাপ্রতিষ্ঠান ও কর্মস্থলে স্বাভাবিক কার্যক্রম দেখা যায়। অনেক নগরবাসী এই লকডাউনের ডাককে বাস্তবতাবিবর্জিত বলে মন্তব্য করেন।
রাজধানীর পাশাপাশি গাজীপুর ও নারায়ণগঞ্জেও স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করে। গাজীপুরের সড়কগুলোতে নিয়মিত যান চলাচল ও কর্মচাঞ্চল্য দেখা গেলেও লকডাউনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের বিভিন্ন স্থানে সরব থাকার তথ্য পাওয়া যায়। নারায়ণগঞ্জেও মহাসড়কে যান চলাচল এবং শিল্পকারখানার কার্যক্রম স্বাভাবিক ছিল।
এ ছাড়া সিলেট, বগুড়া, সাতক্ষীরা ও খুলনাসহ দেশের বিভিন্ন জেলায় কর্মসূচির কোনো বড় প্রভাব পড়েনি। এসব অঞ্চলে লকডাউনবিরোধী অবস্থানে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের সোচ্চার থাকতে দেখা যায়।
দিনের বিভিন্ন সময়ে কয়েকটি স্থানে বিচ্ছিন্ন ঝটিকা মিছিলের খবর পাওয়া গেলেও সার্বিকভাবে কর্মসূচিটির তেমন কোনো প্রভাব পড়েনি। যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে রাজধানীসহ সারা দেশে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী।
তবে বিভিন্ন স্থানে অরাজকতা, হামলা ও ভাঙচুরের আশঙ্কার কারণে কিছু এলাকায় সাধারণ মানুষের চলাচল অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম ছিল বলে জানান কেউ কেউ। বিশ্লেষকদের মতে, জনজীবন ও অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও নাশকতা প্রতিরোধ করা জরুরি।







