গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সুবর্ণা ঠাকুরের (শিকদার) সংরক্ষিত নারী আসনে বিএনপির সংসদ সদস্য হিসেবে মনোনয়ন এবং সাম্প্রতিক সহিংসতায় তাঁর ভূমিকা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও সমালোচনা চলছে।
তৃণমূল পর্যায়ের একাধিক নেতাকর্মী ও সমালোচকদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা সত্ত্বেও কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তে সুবর্ণা ঠাকুরকে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য করা হয়েছে।
অভিযোগকারীদের ভাষ্যমতে, সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের বাড়িঘর এবং দলের তিনজন নির্বাচিত সংসদ সদস্যের বাসভবন ও হাসপাতালে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও সুবর্ণা ঠাকুরের বাড়িতে কোনো ধরনের হামলার ঘটনা ঘটেনি। এমনকি এসব ঘটনার প্রতিবাদে তাঁকে কোনো বক্তব্য বা বিবৃতি দিতে দেখা যায়নি বলেও স্থানীয় নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুবর্ণা শিকদার ঠাকুরের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় এবং তিনি হিন্দু মতুয়া সম্প্রদায়ের একটি প্রভাবশালী পরিবারের সদস্য। তাঁর পরিবারের একাধিক সদস্য ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে সক্রিয় ও গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন বলেও স্থানীয় পর্যায়ে আলোচনা রয়েছে।
তবে সাম্প্রতিক সহিংসতার বিষয়ে নীরবতা এবং দলীয় মনোনয়ন নিয়ে ওঠা এসব অভিযোগের বিষয়ে সংসদ সদস্য সুবর্ণা ঠাকুর কিংবা দলের কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
