মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান। তাঁর ক্যানসার বর্তমানে চতুর্থ বা সর্বশেষ স্টেজে পৌঁছেছে বলে তিনি নিজেই জানিয়েছেন।
সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রে অবস্থানের পর তিনি ভারতে ফিরে আসেন এবং বর্তমানে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে একটি অনলাইন টকশোতে অংশ নিয়ে বিদেশে পলাতক থাকা এই নেতা নিজের শারীরিক অসুস্থতার বিষয়টি প্রকাশ করেন। টকশোতে তিনি জানান, তিনি গুরুতর অসুস্থ এবং চিকিৎসকদের ভাষ্যমতে তাঁর ক্যানসার ফোর্থ স্টেজে রয়েছে।
নিজের শারীরিক অবস্থা ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা তুলে ধরে শামীম ওসমান বলেন, তিনি আর কতদিন বাঁচবেন তা জানেন না, তবে আল্লাহর ওপর তাঁর পূর্ণ বিশ্বাস রয়েছে এবং তিনি সুস্থ হয়ে বাঁচবেন বলে আশা করেন।
তাঁর ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরে অনেকে খুশি হতে পারেন উল্লেখ করে শামীম ওসমান এ নিয়ে কাউকে আনন্দিত না হওয়ার আহ্বান জানান। পাশাপাশি অতীতে নিজের ওপর হওয়া একাধিক হামলা ও হত্যাচেষ্টার প্রসঙ্গও তিনি আলোচনায় তুলে ধরেন।
ব্যক্তিগত অসুস্থতার পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন সাবেক এই সংসদ সদস্য। তিনি দাবি করেন, দেশের বর্তমান পরিস্থিতি তাঁর নিজের অসুস্থতার চেয়েও বেশি উদ্বেগজনক। এ সময় তিনি বাংলাদেশের বিভিন্ন স্থানে নির্যাতন, সহিংসতা ও মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের ওপর হামলার অভিযোগ তোলেন।
এ ছাড়া নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতার বিষয়ে মন্তব্য করতে গিয়ে শামীম ওসমান বলেন, একসময় নারায়ণগঞ্জ আওয়ামী লীগ গোপালগঞ্জের চেয়েও শক্তিশালী ছিল। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের ভুল সিদ্ধান্ত, কোটাভিত্তিক রাজনীতি এবং পকেট কমিটির কারণে দলটি সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়েছে।
