গোপালগঞ্জে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস আটকে দেশীয় অস্ত্র প্রদর্শন, যাত্রীদের জোর করে ‘জয় বাংলা’ স্লোগান দিতে বাধ্য করা এবং ছুরি দেখিয়ে মুঠোফোন কেড়ে নিয়ে তল্লাশি করার অভিযোগ উঠেছে ঢাকা কলেজের শিক্ষার্থী সাবিদ হাসানের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাঁকে এই কর্মকাণ্ডে নেতৃত্ব দিতে দেখা গেছে, যা নিয়ে ক্যাম্পাস ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সাবিদ হাসানের নেতৃত্বে একদল যুবক খুলনাগামী বাসটি থামিয়ে দেশীয় অস্ত্র হাতে যাত্রীদের ভয়ভীতি দেখাচ্ছেন। এ সময় যাত্রীদের জোরপূর্বক ‘জয় বাংলা’ স্লোগান দিতে বাধ্য করা হয় এবং এক যাত্রীর দিকে ছুরি তাক করে তাঁর মুঠোফোন ছিনিয়ে নিয়ে তল্লাশি চালানো হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, সাবিদ হাসানের গ্রামের বাড়ি গোপালগঞ্জে এবং তিনি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ঢাকা কলেজে ভর্তি হন। অভিযোগ উঠেছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে পারিবারিক ও ব্যক্তিগত সম্পৃক্ততা থাকা সত্ত্বেও তিনি ঢাকা কলেজে ছাত্রদলের পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তারের চেষ্টা করতেন।
সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, কলেজে ভর্তির পর সাবিদ ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ হোসেনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত হয়ে ওঠেন। যদিও পরবর্তী সময়ে তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়, তবুও তিনি ছাত্রদলের নাম ভাঙিয়ে ক্যাম্পাসে দাপট দেখাতেন এবং নিউমার্কেট এলাকায় ছাত্রদলের এক আহ্বায়ক সদস্যের সঙ্গে ফুটপাতে যৌথ ব্যবসা পরিচালনা করতেন বলেও জানা গেছে।
সাবিদের পারিবারিক রাজনৈতিক পরিচয় নিয়েও প্রশ্ন উঠেছে। জানা গেছে, তাঁর বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। এ ছাড়া ‘ক্রাইম নিউজ’ নামের একটি অনলাইন পোর্টালে মাল্টিমিডিয়া প্রতিবেদক হিসেবে সাংবাদিক পরিচয় ব্যবহার করেও তিনি সংবাদ প্রকাশ করেছেন বলে শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে।
ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী জানান, সাবিদ নিয়মিত ছাত্রদলের কর্মসূচিতে অংশ নিতেন এবং সদস্য সচিব মিল্লাদ হোসেনের সঙ্গে নিউমার্কেটের বিশ্বাস বিল্ডিংয়ের সামনে আড্ডা দিতেন। এমনকি মিল্লাদ হোসেন তাঁর জন্মদিনে কেক কেটে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিও পোস্ট করেছিলেন।
এদিকে, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল আমিন সামাজিক যোগাযোগমাধ্যমে মিল্লাদ হোসেনের সঙ্গে সাবিদের জন্মদিন উদ্যাপনের একটি ছবি প্রকাশ করে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেন, যাঁকে ছাত্রদলের সদস্য সচিব কেক খাইয়েছেন, সেই ব্যক্তিই গোপালগঞ্জে বাস আটকে মানুষকে জোর করে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াচ্ছেন। সংগঠনের দায়িত্বশীল নেতাদের এ বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
অভিযোগের বিষয়ে ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ হোসেন গণমাধ্যমকে বলেন, সাবিদ তাঁদের কোনো সাংগঠনিক কর্মী নন এবং কোনো কমিটিতেও তাঁর পদ নেই। ক্যাম্পাসের জুনিয়র হিসেবে সাধারণ পরিচয়ের সূত্র ধরে তিনি কিছু কর্মসূচিতে এসেছিলেন বলে দাবি করে মিল্লাদ জানান, গত ছয় মাস ধরে সাবিদের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ বা দেখা হয়নি।
সাবিদের ব্যক্তিগত বা পারিবারিক রাজনৈতিক পরিচয় সম্পর্কে আগে থেকে জানা ছিল না উল্লেখ করে মিল্লাদ হোসেন আরও বলেন, কেউ গোপনে অন্য সংগঠনের সঙ্গে যুক্ত থাকলে তা জানা সম্ভব হয় না; বিষয়টি আগে জানলে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতো।







