ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি এ ঘটনাকে কাপুরুষোচিত বলে উল্লেখ করেছেন।
রোববার (২২ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ নিন্দা জানান।
পোস্টে শফিকুর রহমান অভিযোগ করেন, রোববার দিবাগত রাত ৩টার পর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টা চালায়।
তিনি বলেন, এ হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
জামায়াত আমির আরও অভিযোগ করেন, পতিত ফ্যাসিস্টরা একের পর এক তাণ্ডব চালিয়ে যাচ্ছে। সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিষ্ক্রিয়তা ও উদাসীনতাকে এ পরিস্থিতির জন্য প্রধানত দায়ী করে তিনি বলেন, সরকার যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর জন্য চরম মূল্য দিতে হবে। এভাবে নীরব থাকার আর কোনো সুযোগ নেই।
এর আগে রোববার ভোরে নিজের ফেসবুক পোস্টে সাদিক কায়েম অভিযোগ করেন, রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়িতে তাঁর গ্রামের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়।
তিনি জানান, ঘটনার সময় বাড়িতে তাঁর বাবা-মা অবস্থান করছিলেন। দুর্বৃত্তরা বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপের পাশাপাশি দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে পুরো বাড়িতে অগ্নিসংযোগের পরিকল্পনা করেছিল। তবে এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে তাঁর বাবা-মা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান।
