ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দীর্ঘদিন ধরে সৌদি নেতৃত্বাধীন জোট ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সামরিক শক্তিতে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ সৌদি আরবের বিরুদ্ধেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে নিজেদের সক্ষমতার জানান দিচ্ছে গোষ্ঠীটি। একই সঙ্গে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ জলপথের ওপর তাদের প্রভাব ক্রমেই বাড়ছে।
চলতি বছরের মার্চে ইয়েমেনের লোহিত সাগর উপকূলে যুদ্ধে যোগ দেন ১৯ বছর বয়সী মোহাম্মদ নামের এক তরুণ। তিনি হুতি বাহিনীর হয়ে লড়াই করছেন। কয়েক মাস ধরে চলা সংঘাতে হুতিরা একের পর এক এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছে। সম্প্রতি রাজধানী সানায় আল-জাজিরার সঙ্গে কথা বলতে গিয়ে মোহাম্মদ জানান, রণক্ষেত্রে যোদ্ধাদের জন্য প্রয়োজনীয় অস্ত্র, সরঞ্জাম ও রসদ সরবরাহ নিশ্চিত করতে পারছে হুতি কর্তৃপক্ষ।
মোহাম্মদের ভাষ্য, যুদ্ধের ময়দানে সব সময় লড়াই ও মৃত্যুর মুখোমুখি হতে হয় না। যোদ্ধারা ভালো খাবার পান, বিশ্রামের সুযোগ পান এবং অসুস্থ বা আহত হলে চিকিৎসার ব্যবস্থাও রয়েছে। মাঠপর্যায়ের কমান্ডাররা প্রয়োজনীয় সরঞ্জাম ও রসদ সরবরাহ করেন।
তাঁর এই বক্তব্য সামনে এনেছে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন—দীর্ঘদিনের যুদ্ধ, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও ইয়েমেনের ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যেও কীভাবে হুতিরা নিজেদের সামরিক সক্ষমতা বাড়িয়ে চলেছে? কোথা থেকেই বা আসছে তাদের বিপুল অর্থ ও অস্ত্রের জোগান?
এর পেছনে অন্যতম প্রধান ভূমিকা রাখছে হুতিদের বিস্তৃত আর্থিক নেটওয়ার্ক। ইরানের সহায়তার পাশাপাশি তেল ব্যবসা, কর, শুল্ক, ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর আরোপিত ফি এবং নিয়ন্ত্রণাধীন অঞ্চলের বাণিজ্যিক কর্মকাণ্ড থেকে বিপুল অর্থ সংগ্রহ করছে গোষ্ঠীটি।
গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, হুতিরা এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলেছে, যার মাধ্যমে বছরে কয়েক শ কোটি ডলারের আর্থিক লেনদেন পরিচালিত হয়। এই অর্থ তাদের সামরিক অভিযান চালানো এবং নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোয় কর্তৃত্ব ধরে রাখতে সহায়তা করছে।
২.৫ বিলিয়ন ডলারের আর্থিক নেটওয়ার্ক
ঐতিহ্যবাহী পোশাক, হাতে পুরোনো একে-৪৭ রাইফেল এবং কোমরে বাঁকানো জাম্বিয়া ছুরি নিয়ে থাকা একজন সাধারণ হুতি যোদ্ধাকে দেখলে আধুনিক যুদ্ধের সঙ্গে তাঁর সম্পৃক্ততা সহজে বোঝা যায় না। কিন্তু এই যোদ্ধাদের পেছনে রয়েছে আধুনিক ও বিস্তৃত আর্থিক অবকাঠামো।
আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট এবং প্রচলিত হাওয়ালা ব্যবস্থার মাধ্যমে হুতিদের আর্থিক নেটওয়ার্কে শত শত কোটি ডলারের লেনদেন হয়।
হাওয়ালা হলো বহু পুরোনো একটি অনানুষ্ঠানিক অর্থ স্থানান্তর পদ্ধতি। এতে ব্যাংকের প্রচলিত ব্যবস্থার বাইরে বিভিন্ন দেশের দালাল বা মধ্যস্থতাকারীদের মাধ্যমে অর্থ লেনদেন করা হয়। অনেক ক্ষেত্রে ভুয়া প্রতিষ্ঠানের আড়ালে এসব লেনদেন পরিচালিত হয়, ফলে প্রকৃত অর্থদাতার পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
অবৈধ অর্থায়ন ও গোপন আর্থিক অবকাঠামোবিষয়ক বিশেষজ্ঞ এবং ভূরাজনৈতিক ঝুঁকি গবেষণা নেটওয়ার্ক ‘বিটুইন দ্য লাইনস’-এর প্রতিষ্ঠাতা অ্যাডাম রাসেল বলেন, হুতিরা অত্যন্ত সুসংগঠিত অর্থায়ন ব্যবস্থা পরিচালনা করছে।
তাঁর মতে, ইয়েমেনে ভয়াবহ মুদ্রাসংকট থাকলেও হুতিরা আন্তর্জাতিক বাজার থেকে বৈদেশিক মুদ্রা সংগ্রহ করতে পারছে। সেই অর্থ দিয়ে অস্ত্র কেনা ও যুদ্ধের ব্যয় মেটানো হচ্ছে।
ইয়েমেনের গবেষণাপ্রতিষ্ঠান মোখা সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের চলতি বছরের জুলাইয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, হুতিদের আর্থিক ব্যবস্থার মাধ্যমে বছরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২৫০ কোটি ডলারের সম্পদ ও ব্যয় পরিচালিত হয়।
অন্যদিকে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের দাবি, ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা অবৈধ তেল ব্যবসা থেকেই বছরে ২০০ কোটি ডলারের বেশি আয় করে।
বিভিন্ন প্রতিবেদনে আয়ের উৎস ও হিসাবের পদ্ধতি আলাদা হওয়ায় এসব পরিসংখ্যান যোগ করে হুতিদের মোট আয় নির্ধারণ করা কঠিন। তবে এগুলো থেকে তাদের আর্থিক নেটওয়ার্কের ব্যাপকতা সম্পর্কে ধারণা পাওয়া যায়।
এক দশকের বেশি সময় ধরে চলা যুদ্ধের মধ্যে হুতিরা অর্থ সংগ্রহের নানা উৎস তৈরি করেছে। এসব অর্থ দিয়ে সামরিক অভিযান পরিচালনার পাশাপাশি নিজেদের নিয়ন্ত্রণাধীন অঞ্চলে প্রশাসনিক ও রাজনৈতিক কর্তৃত্বও শক্তিশালী করেছে।
মোখা সেন্টারের প্রতিবেদনে বলা হয়েছে, কর ও শুল্ক থেকে প্রায় ৮০ কোটি ডলার, অতিরিক্ত ফি ও বিভিন্ন শুল্ক থেকে ৬০ কোটি ডলার, যুদ্ধের জন্য নগদ অর্থ ও পণ্যসামগ্রী হিসেবে পাওয়া অনুদান থেকে ৩০ কোটি ডলার এবং বিভিন্ন নিয়োগ ও উদ্বুদ্ধকরণ কর্মসূচির মাধ্যমে প্রায় ১০ কোটি ডলার সংগ্রহ করা হয়।
প্রতিষ্ঠানটির মে মাসে প্রকাশিত আরেক গবেষণায় বলা হয়েছে, হুতিদের নিয়ন্ত্রণাধীন অঞ্চল থেকে আদায় করা রাজস্বের প্রায় ৬০ শতাংশ নিরাপত্তা ও সামরিক খাতে ব্যয় করা হয়।
অর্থ সংগ্রহে নানা কৌশল
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এবং সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে অর্থ সংগ্রহের কৌশলও বিস্তৃত করেছে হুতি কর্তৃপক্ষ।
সানার বাসিন্দা আলী নাজি প্রায়ই মুঠোফোনে বিভিন্ন বার্তা পান। এসব বার্তায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন বাহিনীর জন্য আর্থিক সহায়তা চাওয়া হয়।
তিন সন্তানের বাবা নাজি আল-জাজিরাকে বলেন, তিনি নিজে কোনো অর্থসহায়তা দেন না। তবে হাজার হাজার মানুষ সামর্থ্য অনুযায়ী অনুদান দিয়ে থাকেন। কেউ ১০০ ইয়েমেনি রিয়াল দিলেও এভাবে ছোট ছোট অনুদান জমে বড় অঙ্কের অর্থে পরিণত হয়। এসব অর্থ যুদ্ধের রসদ সরবরাহে ব্যবহার করা হয়।
অর্থ সংগ্রহের আরেকটি পদ্ধতি হলো মানুষের মধ্যে অনুদানের খাম বিতরণ। গত সপ্তাহে সানায় সৌদি বিমান হামলায় ৪০ জনের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন বলে দাবি করে হুতিরা। নিহত ব্যক্তিদের জানাজা ও শোকযাত্রা চলাকালে হুতিদের একজন সদস্য নাজির কাছে একটি খাম দিয়ে যুদ্ধের জন্য অর্থসহায়তা চান।
নাজি জানান, অস্বস্তি এড়াতে তিনি খামের মধ্যে এক হাজার ইয়েমেনি রিয়াল, অর্থাৎ প্রায় ১ ডলার ৯০ সেন্ট রেখে সেটি ফিরিয়ে দেন।
বড় সমাবেশের সময়ও অনুদান সংগ্রহ করা হয়। এ জন্য মাটিতে বড় কাপড় বিছিয়ে দেওয়া হয়। সেখানে অংশগ্রহণকারীরা নিজেদের সামর্থ্য অনুযায়ী অর্থ বা অস্ত্র দান করেন। কেউ নগদ অর্থ দেন, আবার কেউ রাইফেল, পিস্তল কিংবা ঐতিহ্যবাহী জাম্বিয়া ছুরি দিয়ে সহায়তা করেন। একটি সমাবেশ থেকেই বিপুল পরিমাণ অর্থ ও অস্ত্র সংগ্রহ সম্ভব হয়।
তেল ব্যবসা থেকে বিপুল আয়
হুতিদের আয়ের অন্যতম বড় উৎস আমদানি করা তেল। গত জানুয়ারিতে মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছিল, ইরান সরকার সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক বিভিন্ন কোম্পানির মাধ্যমে হুতিদের বিনা মূল্যে তেল সরবরাহ করে। এসব কোম্পানির মালিকানা বা কার্যক্রমের সঙ্গে ইরানের সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।
হুতিরা ওই তেল বিক্রি করে অর্থ সংগ্রহ করে। পাশাপাশি অবৈধভাবে তেল বাণিজ্য পরিচালনার মাধ্যমেও উল্লেখযোগ্য আয় করছে বলে অভিযোগ রয়েছে। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এ খাত থেকে গোষ্ঠীটির বার্ষিক আয় ২০০ কোটি ডলারের বেশি।
অর্থের জোগানে বাড়ছে যোদ্ধার সংখ্যা
সানা সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষণা ব্যবস্থাপক ইয়াজিদ আল-জেদ্দাউই বলেন, হুতিরা এমন একটি ব্যবস্থা তৈরি করেছে, যা নিজেই নিজেদের শক্তি বাড়াতে সহায়তা করছে।
তাঁর ব্যাখ্যা, অর্থনীতির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে হুতিরা সাধারণ মানুষ ও ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর প্রভাব বিস্তার করতে পারে। আবার সেই নিয়ন্ত্রণই তাদের আর্থিক সক্ষমতা আরও বাড়িয়ে তুলছে।
হুতিদের আয়ের উৎসের মধ্যে রয়েছে কর, শুল্ক, জাকাত, অতিরিক্ত ফি, জ্বালানি ও টেলিযোগাযোগ খাত। আমদানি অনুমতিপত্র, বিভিন্ন ফি এবং বৈদেশিক মুদ্রা পাওয়ার সুযোগ নিয়ন্ত্রণের মাধ্যমে ব্যবসায়ী ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর ওপরও প্রভাব বিস্তার করছে তারা।
এসব অর্থ দিয়ে নিরাপত্তা বাহিনী ও অনুগত ব্যক্তিদের নেটওয়ার্ক পরিচালনা করা হয়। এর মাধ্যমে সাধারণ মানুষকে নিজেদের নির্দেশনা মেনে চলতে বাধ্য করার পাশাপাশি নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোয় কর্তৃত্ব আরও শক্তিশালী করছে হুতিরা।
কর্মসংস্থানের সংকট এবং সরকারি খাতের কর্মীদের বেতন বকেয়া থাকার সুযোগও কাজে লাগাচ্ছে গোষ্ঠীটি। আল-জেদ্দাউইয়ের মতে, অনেক তরুণের কাছে হুতি বাহিনীতে যোগ দেওয়া এখন আয়ের সীমিত কয়েকটি সুযোগের একটি।
নতুন যোদ্ধা নিয়োগের পাশাপাশি তাদের মধ্যে হুতিদের আদর্শ ও বিশ্বাস ছড়িয়ে দেওয়া হচ্ছে। এর ফলে সামরিক শিবিরের বাইরেও পরিবার ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে তাদের প্রভাব বিস্তার ঘটছে।
জাতিসংঘের ২০২৪ সালের বিশেষজ্ঞ প্যানেলের হিসাব অনুযায়ী, হুতি যোদ্ধার সংখ্যা প্রায় ৩ লাখ ৫০ হাজার। এই সংখ্যা বাড়াতে ১৮ বছরের কম বয়সী কিশোরদেরও কখনো কখনো নিয়োগ দেওয়া হয়েছে।
হুতিদের সংগৃহীত অর্থ শুধু যোদ্ধা নিয়োগ বা সামরিক অভিযান পরিচালনায় ব্যয় হচ্ছে না। আল-জেদ্দাউই জানান, নিরাপত্তা বাহিনীর বিস্তার, উন্নত অস্ত্র তৈরি, প্রতিরক্ষাব্যবস্থা নির্মাণ, পরিখা ও সুড়ঙ্গ খনন, ভূগর্ভস্থ স্থাপনা এবং অস্ত্র উৎপাদনের কারখানা গড়ে তুলতেও বিপুল অর্থ বিনিয়োগ করছে গোষ্ঠীটি।
চরম সংকটে সাধারণ মানুষ
হুতিদের সামরিক ও আর্থিক সক্ষমতা বাড়লেও ইয়েমেনের সাধারণ মানুষের জীবনযাত্রার পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে।
তাইজ সেন্টার ফর ইয়েমেনি-গালফ স্টাডিজের নির্বাহী পরিচালক ও অর্থনৈতিক গবেষক ওয়াফিক সালেহ বলেন, ২০১৬ সাল থেকে ইয়েমেনের প্রায় ১০ লাখ সরকারি কর্মচারী নিয়মিত বেতন পাচ্ছেন না। অথচ হুতিরা নিজেদের অস্ত্রভান্ডার সমৃদ্ধ করছে এবং সামরিক অভিযানের ব্যয় নির্বাহ করছে। যুদ্ধকে অগ্রাধিকার দেওয়ার ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা আরও দুর্বিষহ হয়ে উঠেছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইয়েমেনের প্রায় ৮০ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। প্রায় ২ কোটি ২৩ লাখ মানুষ কোনো না কোনো ধরনের মানবিক সহায়তার ওপর নির্ভরশীল।
তবে হুতি যোদ্ধা মোহাম্মদের কাছে সামরিক অভিযানের অর্থায়ন একটি দায়িত্ব এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগ। তাঁর বক্তব্য, দেশকে মুক্ত করা ও বিদেশি বাহিনীকে বিতাড়িত করতে অর্থের প্রয়োজন। তাই যোদ্ধা ও সামরিক অভিযানের জন্য অর্থের জোগান দেওয়া প্রত্যেক দেশপ্রেমিকের অগ্রাধিকার হওয়া উচিত।
তথ্যসূত্র: আল-জাজিরা, গালফ নিউজ ও আরব নিউজ।
