দেশের যেকোনো সংকটময় পরিস্থিতিতে মানুষের জানমাল, ইজ্জত ও নিরাপত্তা রক্ষায় জামায়াতে ইসলামী পাশে থাকবে বলে জানিয়েছেন দলটির ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
তিনি বলেন, জনগণের ওপর কোনো ধরনের হামলা হলে জামায়াত নীরব থাকবে না। বরং সর্বশক্তি দিয়ে জনগণের পাশে দাঁড়াবে।
সোমবার রাজধানীতে ঢাকা মহানগর উত্তর জামায়াতের কার্যালয়ে দক্ষিণখান পূর্ব থানা জামায়াত আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন থানা জামায়াতের আমির মো. আবু সাঈদ।
মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা দেশে কখনোই ফিরবে না।’ দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে বিদেশ থেকে নেতাকর্মীদের উসকানি দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়রপ্রার্থী সেলিম উদ্দিন জানান, সর্বস্তরের মানুষকে নিয়ে নাগরিক সমাবেশ আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের। এসব সমাবেশের মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা তৈরি, ঐক্য গড়ে তোলা এবং নাগরিক অধিকার ও নিরাপত্তার বিষয়ে সোচ্চার করাই মূল লক্ষ্য।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, সরকারের ব্যর্থতা, সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রশ্রয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের অভাবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মানুষের জীবন ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা হুমকির মুখে। সংসদ সদস্যদের বাড়িতে হামলা, ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর এবং পুলিশের গাড়িতে হামলার মতো ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতেও আইনশৃঙ্খলা ভালো বলে সরকারের দাবি জনমনে উদ্বেগ বাড়াচ্ছে।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, অভ্যন্তরীণ দুর্বলতা ও সন্ত্রাসীদের প্রশ্রয় দেওয়ার অভিযোগগুলো আগে নিয়ন্ত্রণ করতে হবে। যৌথ অভিযানের মাধ্যমে সন্ত্রাসে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। রাজনৈতিক পরিচয় কিংবা অন্য কোনো পরিচয়—সন্ত্রাসে জড়িত কাউকেই ছাড় দেওয়া যাবে না। সন্ত্রাসের হাত থেকে জনগণকে রক্ষা করতে হবে।
তিনি আরও বলেন, জনগণের দেওয়া রায়ের প্রতি অবজ্ঞা প্রদর্শন থেকে সরকারকে সরে আসতে হবে। জুলাইকে কার্যকর করার পাশাপাশি এর মর্যাদা রক্ষা করতে হবে। সংবিধান সংস্কার পরিষদের শপথের মাধ্যমে সংবিধানকে ফ্যাসিবাদমুক্ত করে গণতান্ত্রিক কাঠামোর ভিত্তিতে প্রতিষ্ঠারও আহ্বান জানান তিনি।
সেলিম উদ্দিন বলেন, জামায়াতে ইসলামী জনকল্যাণের রাজনীতি করে এবং সব সময় জনগণের পাশে থাকে। ঢাকাবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, জনগণের দেওয়া সমর্থন ও ম্যান্ডেটের প্রতিদান হিসেবে মানুষের জানমাল, ইজ্জত ও নিরাপত্তা রক্ষায় পাহারাদারের ভূমিকা পালন করবে জামায়াত। দেশের যেকোনো কঠিন পরিস্থিতিতে দলটি মানুষের পাশে থাকবে।
সমাবেশে দায়িত্বশীলদের উদ্দেশে তিনি পাড়া-মহল্লায় গণসংযোগের মাধ্যমে জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ করার আহ্বান জানান। তাঁর মতে, জুলাইয়ের চেতনায় ঐক্যবদ্ধ জনগণের শক্তির কাছে কোনো ষড়যন্ত্র টিকবে না। কোরআন ও সুন্নাহর আলোকে মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ প্রতিষ্ঠায় সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বানও জানান তিনি।
