নেপালের কোশি প্রদেশের লেলেপ এলাকার কাছে ৫ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৭টা ২ মিনিটের দিকে এ ভূমিকম্পের ঘটনা ঘটে। এর কম্পন বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান ও চীনের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলাতেও ভূকম্পন অনুভূত হয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) তাদের প্রাথমিক প্রতিবেদনে ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৩ বলে উল্লেখ করেছে।
সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের সিকিমের মাঙ্গান শহর থেকে ৬৭ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিমে।
ভারতের জাতীয় ভূকম্পনবিদ্যা কেন্দ্রের (এনসিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ২৭ দশমিক ৮৫৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৭ দশমিক ৯০৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ২০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়।
পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। প্রতিবেশী দেশ ভুটানের বিভিন্ন এলাকাতেও কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
ভূমিকম্পের সময় উঁচু ভবন, বাসাবাড়ি ও বিদ্যুতের খুঁটি কেঁপে ওঠে। বিদ্যুতের তারগুলোও দুলতে দেখা যায়। আকস্মিক কম্পনে আতঙ্কিত হয়ে অনেক বাসিন্দা নিরাপত্তার জন্য ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। সকালে হাঁটতে ও শরীরচর্চা করতে বের হওয়া লোকজনও হঠাৎ এই কম্পনে আতঙ্কিত হয়ে পড়েন।
বিশেষ করে ভারতের দুয়ার্স অঞ্চলের বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা থাকায় পরিস্থিতি আরও অস্বস্তিকর হয়ে ওঠে। ভূমিকম্পের কম্পনে ওই অঞ্চলের কয়েকটি প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের ঘুম ভেঙে যায়।
তবে ভূমিকম্পে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না কিংবা সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকেও বিস্তারিত কিছু জানানো হয়নি।
এর আগে গত সপ্তাহে ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলায় ৪ দশমিক ১ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। বুধবার সকাল ১০টা ২১ মিনিটে ওই ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছিলেন কর্মকর্তারা।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল চামোলি জেলার জ্যোতির্মঠের কাছাকাছি এলাকায়। ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়েছিল। জেলার অধিকাংশ এলাকায় কম্পন অনুভূত হলেও সে সময় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।







