বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে গত ২১ ও ২২ নভেম্বর ঢাকায় দুই দেশের যৌথ কমিটির ৯১তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে চুক্তি নবায়নের বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত না হলেও, পুরোনো চুক্তিটিই নবায়নের বিষয়ে বাংলাদেশ সম্মত হতে পারে বলে আলোচনা রয়েছে। তবে নতুন শর্ত নির্ধারণ এবং দুই দেশের বর্তমান রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন চুক্তি নবায়নের পথে জটিলতা তৈরি করছে।
ফারাক্কা বাঁধকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের অবসানে ১৯৯৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানিবণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। সে সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন এইচ ডি দেবেগৌড়া এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা।
চুক্তি অনুযায়ী, প্রতিবছর জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত শুষ্ক মৌসুমে প্রতি ১০ দিন অন্তর দুই দেশ গঙ্গার পানি ভাগাভাগি করে নেয়। ফারাক্কা পয়েন্টে পানিপ্রবাহ ৭০ হাজার কিউসেক বা এর কম হলে দুই দেশ সমান পানি পায়। প্রবাহ ৭০ হাজার থেকে ৭৫ হাজার কিউসেকের মধ্যে থাকলে বাংলাদেশ পায় ৩৫ হাজার কিউসেক এবং অবশিষ্ট পানি পায় ভারত। আর পানিপ্রবাহ ৭৫ হাজার কিউসেকের বেশি হলে ভারত পায় ৪০ হাজার কিউসেক এবং বাকি পানি বাংলাদেশের জন্য বরাদ্দ থাকে।
এ ছাড়া ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত দুই দেশ পালাক্রমে নির্ধারিত ৩৫ হাজার কিউসেক করে পানি পাওয়ার নিশ্চয়তা পায়।
তবে সময়ের সঙ্গে জনসংখ্যা বৃদ্ধি, পানির চাহিদা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় পুরোনো চুক্তিতে সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে নতুন চুক্তির শর্ত নিয়ে দুই দেশের মধ্যে ভিন্ন ভিন্ন অবস্থান রয়েছে।
আলোচনা অনুযায়ী, ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত সময়ের মধ্যে ভারত অতিরিক্ত ৩০ থেকে ৩৫ হাজার কিউসেক পানি চাচ্ছে। পাশাপাশি নতুন চুক্তির মেয়াদ ১০ থেকে ১৫ বছর নির্ধারণের প্রস্তাব রয়েছে। অন্যদিকে বাংলাদেশ ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ৪০ হাজার কিউসেক পানি পাওয়ার নিশ্চয়তা এবং দীর্ঘমেয়াদি চুক্তি চায়।
এ ছাড়া ১৯৭৭ সালের গঙ্গার পানিবণ্টন চুক্তির মতো শুষ্ক মৌসুমে ন্যূনতম পানিপ্রাপ্তির নিশ্চয়তা বা ‘মিনিমাম গ্যারান্টি’ ব্যবস্থা পুনর্বহালের দাবিও রয়েছে বাংলাদেশের। তবে ভারতের গবেষক নীলাঞ্জন ঘোষের মতে, পানির প্রবাহ কম থাকলেও নির্দিষ্ট পরিমাণ পানি সরবরাহের বাধ্যবাধকতা থাকলে উজানের দেশ হিসেবে ভারতের ওপর বড় ধরনের চাপ তৈরি হবে। ফলে দিল্লি এ ধরনের শর্ত মেনে নিতে আগ্রহী নাও হতে পারে।
রাজনৈতিক টানাপোড়েনে নবায়ন প্রক্রিয়ায় অনিশ্চয়তা
গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের ক্ষেত্রে দুই দেশের শীতল কূটনৈতিক সম্পর্কও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করলেও চুক্তি নবায়নের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।
২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন অব্যাহত রয়েছে। এর প্রভাব পড়েছে দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রেও। এ পরিস্থিতিতে গত আগস্টে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরও বাতিল হয়।
অন্যদিকে, ভারতের অভ্যন্তরেও গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন নিয়ে মতবিরোধ রয়েছে। গত আগস্টে বিজেপির শরিক দল জনতা দল (ইউনাইটেড) দাবি করে, বর্তমান চুক্তি বিহারের স্বার্থের পরিপন্থী। তাই চুক্তিটি নবায়ন করা উচিত নয় বলে দলটির পক্ষ থেকে মত দেওয়া হয়।
এ ছাড়া ২০২৫ সালের এপ্রিলে পেহেলগাম হামলার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করার ভারতের সিদ্ধান্তও বাংলাদেশকে সতর্ক অবস্থানে রেখেছে।
বিশেষজ্ঞদের মতে, কেবল পুরোনো শর্তে চুক্তির মেয়াদ বাড়ালেই চলবে না। জলবায়ু পরিবর্তন, পানির ক্রমবর্ধমান চাহিদা এবং নদীর পানিপ্রবাহের পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় নিয়ে পানিবণ্টন ও তথ্য আদান-প্রদানের ব্যবস্থা আরও কার্যকর করতে হবে।
ভারতের সেন্টার ফর পলিসি রিসার্চের প্রধান শ্রীনিবাস চোক্কাকুলার মতে, ১৯৯৬ সালে চুক্তি সম্পাদনের ক্ষেত্রে দুই দেশের মধ্যে যে রাজনৈতিক সদিচ্ছা কাজ করেছিল, বর্তমান পরিস্থিতিতেও তেমন পারস্পরিক আস্থা ও সহযোগিতার পরিবেশ ফিরিয়ে আনা জরুরি। তাঁর মতে, কার্যকর সমাধানের জন্য দুই দেশকে আবারও বিশ্বাস ও সহযোগিতার ভিত্তিতে আলোচনায় বসতে হবে।







