বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, দলের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অস্ট্রেলিয়া সফর শেষে বুধবার সকাল সাড়ে ৯টায় ঢাকায় ফিরেছেন। গত ২০ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত তাঁর এই সফরে নির্ধারিত সব কর্মসূচি অত্যন্ত সফল, ফলপ্রসূ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
এক বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশন (এজেএ) এবং অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন (এএইচএ) নামে দুটি সংগঠন অস্ট্রেলিয়ায় অবস্থানরত পতিত আওয়ামী ফ্যাসিস্টদের একটি গোষ্ঠীর পরোক্ষ ইন্ধনে জামায়াত আমিরের বিরুদ্ধে অপপ্রচার ও বিষোদ্গার চালিয়েছে। বিরোধীদলীয় নেতার সফরসূচি বাধাগ্রস্ত করার অসৎ উদ্দেশ্যে তারা অস্ট্রেলিয়া সরকারের কাছে বিবৃতিও দিয়েছে।
তিনি বলেন, অস্ট্রেলীয় সরকার এসব বিবৃতিকে গুরুত্ব দেয়নি। মহান আল্লাহর অশেষ রহমতে ডা. শফিকুর রহমান তাঁর পূর্বনির্ধারিত সব কর্মসূচি সফলভাবে সম্পন্ন করে দেশে ফিরেছেন।
বিবৃতিতে আরও বলা হয়, বিরোধীদলীয় নেতার বিভিন্ন কর্মসূচিতে অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের ব্যাপক উপস্থিতি ছিল। তাঁরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে জামায়াত আমিরকে স্বাগত ও সংবর্ধনা জানান। এ সময় প্রবাসীরা খোলামেলাভাবে নিজেদের মতামত, প্রত্যাশা ও বিভিন্ন বিষয়ে বক্তব্য তাঁর কাছে তুলে ধরেন।
মিয়া গোলাম পরওয়ার জানান, ডা. শফিকুর রহমান প্রবাসীদের বক্তব্য ও অভিজ্ঞতা অত্যন্ত মনোযোগ দিয়ে শোনেন এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তাঁদের সহযোগিতা কামনা করেন।
