রাজনৈতিক কারণে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র কিংবা জরুরি রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত যানবাহন ও জনবলের ওপর হামলা হলে গোপালগঞ্জের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ বিভাগের নির্বাহী প্রকৌশলীর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যেকোনো রাজনৈতিক কারণে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র এবং জরুরি রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত যানবাহন ও জনবলকে হামলার লক্ষ্যবস্তু করা থেকে বিরত থাকতে হবে।
এতে আরও সতর্ক করে বলা হয়েছে, কোনো ধরনের হামলা বা নাশকতায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে পুরো জেলার সব এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এমতাবস্থায় জনস্বার্থে জেলার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক ও সচল রাখতে সংশ্লিষ্ট সকল স্থাপনা, যানবাহন ও কর্মীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেছে ওজোপাডিকো।







