দেশের আইন, কর্তৃত্ব, সংবিধান ও সার্বৌমত্বের বিরুদ্ধে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় দায়িত্বশীল বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী চুপ করে বসে থাকতে পারে না বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেছেন, দেশের মানুষ নতুন করে কোনো ফ্যাসিবাদী শাসনব্যবস্থা মেনে নেবে না।
শুক্রবার ঢাকা মহানগরী উত্তরের কার্যালয়ে মিরপুর উত্তর থানা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিরপুর উত্তর থানা জামায়াতের আমির মনিরুল ইসলাম মৃধার সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইনসাফ প্রতিষ্ঠা ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার
মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জুলাইয়ের শহীদেরা দেশের মানুষের মুক্তি ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য জীবন বাজি রেখে সংগ্রাম করেছেন। সেই ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত আগামী দিনের সব সংকট ও সংগ্রামে জামায়াতে ইসলামী নেতৃত্বের ভূমিকা পালন করবে।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী সব ধরনের পরিস্থিতি মোকাবিলা করে দুর্নীতি, ঘুষ, অবিচার ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চায়। ভ্রাতৃত্ববোধে উজ্জীবিত হয়ে একটি মানবিক রাষ্ট্র ও নাগরিকবান্ধব ঢাকা গড়ার লক্ষ্যে ওয়ার্ডে ওয়ার্ডে এবং পাড়া-মহল্লায় জনসচেতনতা ও জাগরণ সৃষ্টি করা হবে।
নিরাপত্তাসংকট ও নাগরিক সমাবেশের প্রস্তুতি
নগরীর বর্তমান নিরাপত্তাসংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে সেলিম উদ্দিন বলেন, সংকটময় সময়ে প্রতিটি মানুষের পাশে ঢাল হয়ে দাঁড়াতে হবে এবং জনগণের সহযোগিতা নিয়ে দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
আগামী ১৮ ডিসেম্বর মিরপুর উত্তর থানায় নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি এটিকে ঐতিহাসিক ও স্মরণীয় করে তুলতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানান। সমাবেশ সফল করতে প্রতিটি ঘরে বারবার যাওয়া, নাগরিকদের সঙ্গে সুসম্পর্ক ও নিয়মিত যোগাযোগ রাখা এবং ঘরে ঘরে জামায়াতের মনোনীত মেয়রপ্রার্থী ও ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের সালাম ও শুভেচ্ছা পৌঁছে দেওয়ার নির্দেশনা দেন তিনি।
ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া নাগরিক সমাবেশগুলো সফল করতে দলের সব পর্যায়ের দায়িত্বশীলদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন ডিএনসিসির এই মেয়রপ্রার্থী।
