লক্ষ্মীপুরের রায়পুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির দুই নেতার নির্বাচনী কার্যালয় উদ্বোধনের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বটতলী এলাকায় ৮ নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়নে এই উদ্বোধনী অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী হারুনুর রশিদ হাওলাদার এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মেম্বার পদপ্রার্থী মাসুদ পারভেজের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়। সেখানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বিএনপির একাংশ ও সাধারণ ভোটাররা।
স্থানীয় সূত্র ও সরবরাহ করা দলীয় কমিটির তালিকা অনুযায়ী, উপস্থিত ব্যক্তিদের মধ্যে ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিক বেপারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটির সদস্য মাইনউদ্দিন হাজারী এবং ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন সরদার রয়েছেন।
এ ছাড়া আওয়ামী লীগের সদস্য আবদুল মালেক সর্দার ও যুবলীগের সদস্য আবদুল হককেও ওই অনুষ্ঠানে দেখা গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পাশাপাশি আরও কয়েকজনকে আওয়ামী লীগের কর্মী হিসেবে চিহ্নিত করেছেন স্থানীয় বাসিন্দারা।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বিএনপির এক নেতা বলেন, বিগত সময়ে তাঁরা নির্যাতনের শিকার হয়েছেন এবং যাঁরা তখন আওয়ামী লীগের সঙ্গে থেকে সুযোগ-সুবিধা ও পদপদবি ভোগ করেছেন, তাঁদের কেউ কেউ এখন আবার বিএনপিতে ঢুকে সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। এই ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে তিনি এর তীব্র নিন্দা জানান।
ওই বিএনপি নেতা আরও অভিযোগ করেন, রাজনৈতিক পরিচয় ও অতীত ভূমিকা বিবেচনা না করে এভাবে নির্বাচনী কার্যক্রমে সম্পৃক্ত করায় দলের ত্যাগী ও নির্যাতিত নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে।
নির্বাচনী কার্যক্রমে কারা যুক্ত হচ্ছেন, তাঁদের রাজনৈতিক পরিচয় কী এবং এ বিষয়ে বিএনপির স্থানীয় নেতৃত্বের অবস্থান কী—তা নিয়ে স্পষ্ট জবাব চেয়েছেন স্থানীয় নেতা-কর্মী ও ভোটাররা। একই সঙ্গে এ ঘটনায় দলীয় সাংগঠনিক অবস্থান পরিষ্কার করার দাবিও উঠেছে।
এ বিষয়ে বক্তব্য জানতে চেয়ারম্যান পদপ্রার্থী হারুনুর রশিদ হাওলাদার এবং মেম্বার পদপ্রার্থী মাসুদ পারভেজের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা কোনো মন্তব্য করতে রাজি হননি।
