ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেল থেকে নির্বাচিত সদস্য সর্ব মিত্র চাকমা বলেছেন, “আমি যখন মনোনয়নপত্র জমা দিলাম, তখনই আমাকে প্রথম ‘জাতচ্যুত’ ঘোষণা করেছিল বামপন্থি সংগঠনের কিছু অংশ। যেন জাত-পরিচয়ের মালিকানা একচেটিয়াভাবে তাদের হাতে।”
শুক্রবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে তিনি এসব ক্ষোভের কথা জানান।
সর্ব মিত্র লিখেছেন, “আমার নিজের কমিউনিটির কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিলেন, তা মেনে নেওয়া সহজ ছিল না। আমি বারবার সংযত থেকেছি, সহ্য করেছি। সবাইকে বোঝাতে চেয়েছি—‘আমি শিবিরের সদস্য নই, শুধু নির্বাচনি জোট করেছি।’ আমি ধর্ম ত্যাগ করিনি। বলেছি—বিশ্বাস না রাখতে পারেন, কিন্তু আমার কাজ দেখে বিচার করুন।”
তিনি বলেন, “নির্বাচনের সময় আমাকে প্ররোচিত করা হয়েছিল এমন কোনো মন্তব্য করতে, যা জাতি বা ধর্মবিরোধী হিসেবে ব্যবহার করা যায়। বিশেষ একটি বামপন্থি মিডিয়া চেয়েছিল আমি যেন জগন্নাথ হল বা হিন্দু সম্প্রদায় নিয়ে বিতর্কিত কিছু বলি। কিন্তু আমি তাতে পা দিইনি।”
পোস্টে সর্ব মিত্র আরও জানান, “গতকাল যখন খাগড়াছড়িতে উত্তেজনাকর পরিস্থিতির খবর পেলাম, তখনই স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি যাতে পরিস্থিতি সহিংসতায় রূপ না নেয়। ধর্ষকদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছি, এবং উক্যানু মারমাকে কেন আটক করা হলো—সে নিয়েও কথা বলেছি।”
তিনি বলেন, “আমি জানি না আপনারা—বামপন্থি নেতারা—এই পরিস্থিতিতে কিছু করেছেন কিনা। আমি শুধু একজন বিশ্ববিদ্যালয় প্রতিনিধি। চুপ থাকলেও আমার কিছু যেত না, কিন্তু আমি চুপ থাকিনি।”
পোস্টের শেষদিকে তিনি বলেন, “আপনারা আবারো আমার বিরুদ্ধে কথা বলা শুরু করেছেন। মনে হচ্ছে—even if I serve my heart on a plate, you will still find reasons to oppose me. কিন্তু আমি জানি, আমি কাজ করে যাব আমার স্বজাতির কল্যাণের জন্য, এই দেশের মানুষের জন্য। আমার জাত পরিচয় নিয়ে প্রশ্ন তোলার কোনো এখতিয়ার আপনাদের নেই। আমি চাকমা, আমি বাংলাদেশি—এটাই আমার পরিচয়।”







