মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, গাজা যুদ্ধের অবসান ঘটেছে এবং মধ্যপ্রাচ্য দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরবে। ইসরাইল ও হামাসের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির আওতায় জিম্মি মুক্তি কার্যক্রম শুরুর আগে তিনি এ মন্তব্য করেন। খবর বিবিসির।
ট্রাম্প বলেন, “যুদ্ধবিরতি এখন কার্যকর রয়েছে এবং গাজার জন্য একটি ‘শান্তি বোর্ড’ খুব শিগগিরই গঠন করা হবে।” তিনি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুদ্ধবিরতির মধ্যস্থতায় কাতারের ভূমিকার প্রশংসা করেন।
যুদ্ধবিরতি টিকবে কি না—এমন প্রশ্নে ট্রাম্প আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, “এটি বহাল থাকবে। সবাই সন্তুষ্ট, এবং আমি বিশ্বাস করি, এটি স্থায়ী হবে।”
শান্তি প্রতিষ্ঠায় নিজের ভূমিকা সম্পর্কে তিনি যোগ করেন, “আমি যুদ্ধ থামাতে পারি, আবার শান্তি প্রতিষ্ঠাতেও পারি।”
গাজা সফরের ইচ্ছা প্রকাশ করে ট্রাম্প বলেন, “আমি বিশ্বাস করি, আগামী কয়েক দশক ধরে গাজায় এক অলৌকিক পরিবর্তন দেখা যাবে। অঞ্চলটি খুব দ্রুত স্বাভাবিক হয়ে উঠবে এবং নতুন প্রশাসনিক তত্ত্বাবধানের জন্য শান্তি বোর্ড গঠন করা হবে।”
হামাসের হাতে আটক থাকা সকল জিম্মিকে স্থানীয় সময় সোমবার দুপুরে মুক্তি দেওয়ার কথা রয়েছে। একই দিনে ট্রাম্প ইসরাইল থেকে মিশরে গিয়ে গাজা যুদ্ধ সমাপ্তি বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবেন।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরাইলে প্রায় ১,২০০ জন নিহত ও ২৫১ জন জিম্মি হন। পরবর্তীতে ইসরাইলের পাল্টা হামলায় গাজায় ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়।
ট্রাম্পের মধ্যস্থতায় প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপে ইসরাইল ও হামাসের মধ্যে সমঝোতা হওয়ার পর শুক্রবার সকালে যুদ্ধবিরতি কার্যকর হয়।
