দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনেও সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল ৯টার পর তিনি সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান। সেখানে সাড়ে ১১টার দিকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে আন্তঃমন্ত্রণালয় সভা শুরু হয়।
প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, সকাল সাড়ে ৯টায় এনএসআই মহাপরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এরপর সকাল ১০টায় ডিজিএফআই মহাপরিচালক এবং সাড়ে ১০টায় তিন বাহিনীর প্রধানদের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন।
এরপর সাড়ে ১১টায় সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম চালুর লক্ষ্যে কর্মপরিকল্পনা নির্ধারণ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠক শুরু হয়।
এ ছাড়া দুপুর ২টায় পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি এবং জাতীয় পর্যায়ে নদী, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কার্যক্রম নিয়ে আরেকটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।







