দুই দেশের মধ্যে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবে সৌদি আরবে পৌঁছেছে পাকিস্তানি সেনাবাহিনীর একটি চৌকস দল। শনিবার যুদ্ধবিমান ও সহযোগী বিমানসহ পাকিস্তানি বাহিনী সৌদি আরবের কিং আবদুল আজিজ বিমানঘাঁটিতে অবতরণ করে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে মার্কিন সংবাদ সংস্থা এপি এই তথ্য নিশ্চিত করেছে।
যে বিমানঘাঁটিতে পাকিস্তানি সেনাদের মোতায়েন করা হয়েছে, সেটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরান যুদ্ধের সময় এই কিং আবদুল আজিজ ঘাঁটিটি বেশ কয়েকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়েছিল। এখন সেখানে পাকিস্তানি বাহিনীর উপস্থিতি ওই অঞ্চলের প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই মোতায়েনের মূল লক্ষ্য হলো দুই দেশের মধ্যে যৌথ সামরিক সমন্বয় বৃদ্ধি করা। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করা এবং স্থিতিশীলতা বজায় রাখতেও এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে একটি ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তির অন্যতম প্রধান শর্ত হলো, যেকোনো একটি দেশ আক্রান্ত হলে তা উভয় দেশের ওপর হামলা হিসেবে গণ্য করা হবে। সেই জোরালো সামরিক অংশীদারিত্বের অংশ হিসেবেই এই সেনা মোতায়েন সম্পন্ন হলো।







