ইরানের সঙ্গে কোনো ধরনের চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়ে পাকিস্তান ছেড়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, দীর্ঘ আলোচনার পর কোনো ইতিবাচক সমাধান না আসায় তিনি ইসলামাবাদ ত্যাগ করেন।
সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, পাকিস্তান সময় রবিবার সকাল ৭টা ৮ মিনিটে তিনি বিশেষ বিমান ‘এয়ারফোর্স টু’-তে আরোহণ করেন। আলোচনা ব্যর্থ হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পরপরই তিনি দ্রুত পাকিস্তান ছাড়ার সিদ্ধান্ত নেন।
বিমানে ওঠার সময় সিঁড়ির ওপর দাঁড়িয়ে জেডি ভ্যান্স উপস্থিত পাকিস্তানি কর্মকর্তাদের উদ্দেশে হাত নেড়ে বিদায় জানান। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই বহুল আলোচিত কূটনৈতিক বৈঠকটি কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে না পারায় বিশ্ব রাজনীতিতে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।







