জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে এক ভারতীয় নাগরিককে জোরপূর্বক পুশইনের চেষ্টাকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বিএসএফের পাশাপাশি দুই দেশের সীমান্তবাসীদের মধ্যেও তীব্র উত্তেজনা বিরাজ করছে।
বুধবার (১০ জুন) সন্ধ্যায় জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর সীমান্তে দুই দেশের নাগরিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে বাংলাদেশি সীমান্তবাসীদের তীব্র প্রতিরোধের মুখে ধাওয়া খেয়ে ভারতীয় নাগরিকরা পিছু হটে পালিয়ে যেতে বাধ্য হয়।
সীমান্তে ঘটে যাওয়া এই ধাওয়া-পাল্টা ধাওয়ার এক মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, সীমান্তের কাঁটাতারের বেড়ার দুই পাশ থেকে দুই দেশের নাগরিকরা একে অপরকে লক্ষ্য করে অনবরত ইট-পাটকেল ছুড়ছেন।
স্থানীয় এক বাংলাদেশি নাগরিক জানান, ভারতের বিএসএফ প্রতিনিয়ত পুশইনের চেষ্টা করছে। বিকেলে ভারতের কয়েকজন যুবক বাংলাদেশিদের লক্ষ্য করে ঢিল ছুড়লে বাংলাদেশিরাও পাল্টা ঢিল ছোড়ে এবং তীব্র প্রতিরোধের মুখে তারা পালাতে বাধ্য হয়।
এ বিষয়ে জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, একজনকে পুশইনের চেষ্টা করা হয়েছিল কিন্তু আমরা তাকে ফেরত পাঠিয়েছি এবং লোকটি এখনো শূন্যরেখায় রয়েছে। দুই পাশের মানুষ কিছুটা উত্তেজিত হলেও পরে পরিস্থিতি শান্ত করা হয়েছে এবং সীমান্তে শূন্যরেখা অতিক্রম না করতে প্রত্যেক নাগরিককে অনুরোধ জানানো হয়েছে।







