জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের আগে মন্ত্রিসভার বিশেষ বৈঠক শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী ও সংসদনেতার সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়।
সরকারের রাজস্ব আয়ের প্রধান উৎসগুলোর মধ্যে কর অন্যতম। নতুন বাজেটে রাজস্ব আহরণ বৃদ্ধি এবং সাধারণ মানুষের ওপর করের চাপ সহনীয় রাখার মধ্যে ভারসাম্য আনার বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে। তবে রাজস্ব সংগ্রহের প্রয়োজনীয়তা অনেক ক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে থাকে।
বাজেটের খসড়া অনুমোদনের লক্ষ্যে আহূত এ বিশেষ বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ‘নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০২৬’-এর খসড়া অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। একই সঙ্গে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট এবং ‘নির্দিষ্টকরণ আইন, ২০২৬’-এর খসড়াও অনুমোদনের জন্য মন্ত্রিসভার বিবেচনায় তোলা হবে।
এ ছাড়া আগামী অর্থবছরের আয়কর, শুল্ক, মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং অন্যান্য রাজস্ব আহরণ ও ব্যবস্থাপনাসংক্রান্ত বিভিন্ন প্রস্তাবের খসড়াও বৈঠকের এজেন্ডায় অন্তর্ভুক্ত রয়েছে। সংশোধিত ও প্রস্তাবিত বাজেটসংক্রান্ত প্রস্তাব অর্থ বিভাগের পক্ষ থেকে উত্থাপন করা হবে। অন্যদিকে আয়কর, শুল্ক ও ভ্যাটবিষয়ক প্রস্তাব উপস্থাপন করবে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।







