পেট্রোলিয়াম লেভি বাতিল এবং জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে রাজধানী ইসলামাবাদমুখী লং মার্চের পরবর্তী কর্মসূচি স্থগিত করেছে পাকিস্তানের জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দলটির আমির হাফিজ নাঈমুর রহমান এ ঘোষণা দেন। তবে এটিকে আন্দোলনের পূর্ণাঙ্গ সমাপ্তি বা প্রত্যাহার নয় বলে স্পষ্ট করেছে দলটি।
সংবাদমাধ্যম দ্য নিউজ পাকিস্তানের প্রতিবেদনে জানানো হয়, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সরাসরি অনুরোধে সাড়া দিয়ে আপাতত এই লং মার্চ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুলতানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াত আমির হাফিজ নাঈম জানান, প্রধানমন্ত্রী তাঁকে টেলিফোনে যোগাযোগ করে রাজধানী অভিমুখে পদযাত্রা স্থগিত রেখে আলোচনার টেবিলে বসার আমন্ত্রণ জানিয়েছেন।
হাফিজ নাঈম জানান, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বর্তমানে সফররত থাকায় তিনি দেশে ফেরার পরপরই দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। তবে এই মধ্যবর্তী সময়ে মুলতানে দলটির অবস্থান কর্মসূচি অপরিবর্তিত থাকবে এবং সরকার কর্তৃক নির্দিষ্ট দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলন অব্যাহত রাখা হবে।
পাকিস্তানের পেট্রোলিয়াম পণ্যের মূল্য কমানোর লক্ষ্যে জামায়াত সরকারপক্ষকে কয়েকটি বিকল্প প্রস্তাব দিয়েছে। তবে সরকারি কর্মকর্তারা আইএমএফ-এর শর্তাবলি ও ঋণ চুক্তির বাধ্যবাধকতার কথা উল্লেখ করে তাৎক্ষণিকভাবে এই লেভি কমানো কঠিন বলে জামায়াত নেতৃত্বকে অবহিত করেছেন। এ কারণে দলটি এখন সরকারের কাছে থেকে লিখিত আশ্বাস ছাড়া কর্মসূচি সম্পূর্ণ প্রত্যাহার না করার বিষয়ে অনড় অবস্থান নিয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, টেলিফোন আলাপে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দেশের অর্থনৈতিক সংকটের মধ্যেও মধ্যবিত্ত ও দরিদ্র শ্রেণির মানুষদের জ্বালানি খাতে সাধ্যমতো স্বস্তি দেওয়ার বিষয়ে জামায়াত নেতৃত্বকে আশ্বাস দিয়েছেন। আগামী বৈঠকে এই বিষয়ে আরও বিশদ আলোচনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।







