মধ্যপ্রাচ্যে ইরানে সামরিক অভিযানের সময় টানা দীর্ঘ মোতায়েনে চরম মানসিক চাপে পড়েছেন মার্কিন নৌবাহিনীর সদস্যরা। এর প্রভাবে বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এর স্ট্রাইক গ্রুপে থাকা আটজন সেনা আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে।
মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত মন্ত্রী হাং কাও মার্কিন সিনেটের সশস্ত্র সেবা কমিটির সদস্য ক্রিস্টেন গিলিব্র্যান্ডকে লেখা এক আনুষ্ঠানিক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছেন। কাও জানান, রণতরীটির মূল দল, বাহক এয়ার উইং, ডেস্ট্রয়ার স্কোয়াড্রন ও অন্যান্য এসকোর জাহাজে কর্মরত সেনাদের মধ্যে এই আত্মঘাতী প্রবণতা দেখা যায়।
প্রায় ছয় থেকে সাত হাজার সেনা সংবলিত ওই স্ট্রাইক গ্রুপটি টানা ৩০০ দিনেরও বেশি সময় ধরে সাগরে অবস্থান করছিল এবং কোনো বন্দর বিরতি ছাড়াই দীর্ঘদিন ধরে যুদ্ধ অভিযানে নিযুক্ত ছিল। তবে ভারপ্রাপ্ত মন্ত্রী নিশ্চিত করেছেন যে, দ্রুত ব্যবস্থা নেওয়ায় আত্মহত্যার চেষ্টাকারী ওই আট সেনার কেউই প্রাণ হারাননি।
এদিকে দীর্ঘ মোতায়েন, মানসম্মত খাবারের সংকট এবং জাহাজে পয়োনিষ্কাশন ব্যবস্থার ত্রুটি নিয়ে সেনা সদস্যদের পরিবারের পক্ষ থেকেও ক্ষোভ প্রকাশ করা হয়েছিল। অতিরিক্ত মানসিক চাপ কমাতে রণতরীতে ৫ জন ধর্মীয় যাজক, মনোরোগ বিশেষজ্ঞ এবং মানসিক স্বাস্থ্যকর্মী নিয়োজিত রাখা হয়েছিল বলে নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়।







