ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে বাইক শোডাউন করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম। তবে আওয়ামী লীগের বিচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে করা এই প্রতিবাদ কর্মসূচিতে ছাত্রলীগের সাবেক এক পদধারী নেতার সরাসরি অংশগ্রহণকে কেন্দ্র করে ক্যাম্পাসে তীব্র বিতর্ক ও প্রশ্ন উঠেছে।
গত মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৬) রাতে ২০ থেকে ২৫টি মোটরসাইকেল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একটি শোডাউন দেয় ছাত্রদলের কর্মীরা। পরবর্তীতে ঘটনার একটি ভিডিও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন ছাত্রদল নেতা আবিদুল ইসলাম। সেখানে ক্যাপশনে তিনি লেখেন—‘হাজারো মতপার্থক্যে জুলাইয়ের গণহত্যার বিচারের প্রশ্নে গোটা জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের মাটিতে গণহত্যাকারী নিষিদ্ধ সংগঠনের প্রশ্নে আপস হবে না।’
ভিডিওটি প্রকাশের পর দেখা যায়, মিছিলের অগ্রভাবে ছাত্রদল নেতা আবিদুল ইসলামের ঠিক বাঁ পাশের মোটরসাইকেলেই সওয়ার ছিলেন আবিদুর রহমান নামের এক যুবক। তিনি ২০২২ সালে ঘোষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল ছাত্রলীগের শান্ত-মাহবুব কমিটির ১ নম্বর সদস্য ছিলেন। হলের সাধারণ শিক্ষার্থীদের কাছে তিনি চিহ্নিত ও সক্রিয় ছাত্রলীগ নেতা হিসেবেই পরিচিত।

শিক্ষার্থীদের অনুসন্ধানে উঠে এসেছে, জুলাই বিপ্লবের সময় পদত্যাগের হিড়িক উঠলেও আবিদুর রহমান দল থেকে কোনো পদত্যাগ করেননি। তার ফেসবুক পাতা পর্যালোচনা করে দেখা যায়, আন্দোলন চলাকালীন তিনি সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলায় লিপ্ত ছাত্রলীগ ও সরকারি বয়ানের অনুকরণে পোস্ট শেয়ার করেছিলেন। ৫ আগস্ট সরকার পতনের দিনেও তিনি সামাজিক মাধ্যমে লেখেন, ‘শিক্ষার্থী কিংবা পুলিশ কারও মৃত্যুই কাম্য নয়’—যা তৎকালীন ছাত্রলীগের শীর্ষ নেতাদের বয়ানের হুবহু প্রতিফলন।
নাম প্রকাশ না করার শর্তে ঢাবির ২০১৯-২০ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে জানান, ৫ আগস্টের অভ্যুত্থানের পর থেকে নিষিদ্ধ ছাত্রলীগের এই চিহ্নিত নেতা ছদ্মবেশে ছাত্রদলের বর্তমান নেতাদের সঙ্গে নিয়মিত চলাফেরা করছেন। অভিযোগ রয়েছে, জুলাই আন্দোলনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলায় ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার সাথেও সে প্রত্যক্ষভাবে জড়িত ছিল।

অভিযুক্ত আবিদুর রহমানের উপস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ছাত্রদল নেতা আবিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, মঙ্গলবার রাতে তিনি আনুষ্ঠানিকভাবে কোনো মিছিল করেননি, বরং ক্যাম্পাসে ঘোরাঘুরির সময় অন্য সবার সাথে আবিদুর রহমানও ছিল। তিনি ছাত্রদলের কোনো সাংগঠনিক দায়িত্বে আছেন কি না তা নিশ্চিত না হলেও বিষয়টি পর্যবেক্ষণে রেখেছেন। একই সাথে তিনি স্বীকার করেন যে, ৫ আগস্টের পর পর্যাপ্ত সাংগঠনিক যাচাই-বাছাই ছাড়া বিভিন্ন সুবিধাভোগী ব্যক্তির ছাত্রদলে অনুপ্রবেশ ও পুনর্বাসনের ঘটনা ঘটেছে, যা সার্বিক নিরাপত্তা ও সংগঠনের ভাবমূর্তির জন্য চরম ঝুঁকিপূর্ণ।







