জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং দলীয় নীতিনির্ধারণে পরামর্শ গ্রহণের লক্ষ্যে চলতি মাসেই ২১ সদস্যের একটি উপদেষ্টা পরিষদ গঠন করতে যাচ্ছে। এতে সাবেক সামরিক কর্মকর্তা, আমলা, প্রকৌশলী, আইনজীবীসহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন দলটির রাজনৈতিক পর্ষদের সদস্য ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিক মুজাহিদ।
সম্ভাব্য উপদেষ্টা পরিষদে যাদের নাম আলোচনায় রয়েছে, তাদের মধ্যে আছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ফজলুর রহমান, সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব মাসকাওয়াথ আহসান, সাবেক অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দীন, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক, প্রকৌশলী সাবিনা আহমেদ এবং মুফতি মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী।
উল্লেখ্য, দেশের রাজনীতিতে পরিবর্তনের প্রত্যয় নিয়ে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়কের দায়িত্বে রয়েছেন নাহিদ ইসলাম এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন আখতার হোসেন।
এর আগে আইনজীবী, শিক্ষক ও চিকিৎসকদের নিয়ে পৃথক ফোরাম গঠন করেছিল এনসিপি। তবে দল প্রতিষ্ঠার পর এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে উপদেষ্টা পরিষদ গঠনের উদ্যোগ নিয়েছে দলটি।







