‘মেগা পার্সনাল’ নামের একটি ডেটিং অ্যাপ ও ওয়েবসাইটে নারীর পরিচয় ধারণ করে পুরুষদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার প্রলোভন দেখাত একটি প্রতারক চক্র। ডেটিংয়ের সুযোগ করে দেওয়ার কথা বলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা হাতিয়ে নিত চক্রটি, অথচ কথোপকথনের অপর প্রান্তে কোনো নারী থাকতেন না। পুরুষ সদস্যরাই নারী সেজে চ্যাট করতেন। এমন প্রতারণার অভিযোগে ময়মনসিংহ নগরে অভিযান চালিয়ে ছাত্রদল নেতাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
ময়মনসিংহ নগরের সেনবাড়ি এলাকার একটি ভবন থেকে গত সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে তিনটি ল্যাপটপ ও সাতটি মুঠোফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক নাঈম মণ্ডল (২৪), টাঙ্গাইলের ঘাটাইলের মনির হোসেন (২৩), বরিশালের মুলাদির মাসুদ আল মারুফ (২৫), ময়মনসিংহের ফুলবাড়িয়ার তানভীর আহম্মেদ (২৫), টাঙ্গাইলের ঘাটাইলের জিল্লুর রহমান (২৭), মজনু (২৬) এবং মো. রাকিব (২০)। গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজন ময়মনসিংহ ও ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা তিনটার দিকে পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, অনলাইনে প্রতারণার অভিযোগ পাওয়ার পর ডিবির একটি দল বিভিন্ন ডেটিং সাইটের কার্যক্রম পর্যবেক্ষণ শুরু করে এবং একপর্যায়ে ‘মেগাপারসোনাল ডটকম’ নামের সাইটটির সন্ধান পায়।
পুলিশ সুপার জানান, সাইটটিতে বিভিন্ন নারীর ছবি ব্যবহার করে দেশি-বিদেশি মুঠোফোন নম্বরের মাধ্যমে পুরুষদের সঙ্গে যোগাযোগ করা হতো। ডেটিংয়ের সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা আদায় করত চক্রটি।
টাকা পাওয়ার পর ভুক্তভোগীদের চ্যাট করার সুযোগ দেওয়া হলেও অপর প্রান্তে কোনো নারী থাকতেন না বলে জানান পুলিশ সুপার। চক্রের পুরুষ সদস্যরাই নারীর পরিচয়ে কথা বলে বিশ্বাস অর্জন করতেন এবং অর্থ হাতিয়ে নেওয়াই ছিল তাঁদের মূল উদ্দেশ্য।
জব্দ করা ল্যাপটপ ও মুঠোফোন প্রাথমিকভাবে পরীক্ষা করে বিপুলসংখ্যক নারীর ছবি, অশ্লীল ছবি এবং বিভিন্ন ব্যক্তির মুঠোফোন নম্বরসহ তথ্য পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে গত তিন মাস ধরে চক্রটি সক্রিয় ছিল বলে তথ্য পেয়েছে পুলিশ এবং এ সময়ে শতাধিক ব্যক্তি প্রতারণার শিকার হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ সুপার কামরুল হাসান আরও বলেন, চক্রটির সঙ্গে আরও কয়েকজনের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে এবং এতে কোনো নারী সদস্য রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে আপাতত বাকিদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না এবং জব্দকৃত ডিভাইসগুলো আদালতের অনুমতি নিয়ে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে।
এ ঘটনায় ডিবির উপপরিদর্শক (এসআই) যুবরাজ দাস বাদী হয়ে মঙ্গলবার বিকেলে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। পরে সাত আসামিকে পাঁচ দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হলে পুলিশ জানায়, ওই দিন রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়নি।
ডিবি হেফাজতে থাকা অবস্থায় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন গ্রেপ্তারকৃতদের কয়েকজন। তাঁদের মধ্যে ছাত্রদল নেতা নাঈম মণ্ডল দাবি করেন, তিন-চার মাসে তিনি প্রায় তিন লাখ টাকা আয় করেছেন এবং অ্যাপে যুক্তরাষ্ট্রের নম্বর ব্যবহার করে নারী পরিচয়ে মেসেজ পাঠিয়ে টাকা নেওয়ার পর যোগাযোগ বন্ধ করে দিতেন।
এদিকে, নাঈমের সাংগঠনিক পরিচয় প্রসঙ্গে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম বলেন, নাঈম মণ্ডলের প্রকৃত নাম রবিউল ইসলাম এবং তিনি ছাত্রদলের সাবেক এক নেতার মাধ্যমে দলে পদ পেয়েছিলেন। তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ছাত্রদলের এই নেতা।







