গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের একটি অংশ একটি পুলিশ বক্সে ভাঙচুর চালিয়ে এর ভেতরে থাকা আসবাবপত্র বাইরে বের করে আগুন ধরিয়ে দিয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে গাজীপুর মহানগরীর গাজীপুরা ২৭ বাস স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন, তবে বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কিছু বহিরাগত ব্যক্তিও যুক্ত হন এবং তারা সড়কে যান চলাচল বন্ধ করে দেন।
অবরোধ চলাকালে একপর্যায়ে উত্তেজিত আন্দোলনকারীরা গাজীপুরা পুলিশ বক্সে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এ সময় তারা পুলিশ বক্সের ভেতরে থাকা চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র বের করে এনে মহাসড়কের ওপর জড়ো করে আগুন ধরিয়ে দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেন। পরে দ্রুত আগুন নিভিয়ে সড়ক থেকে পোড়া আসবাবপত্র সরিয়ে নেওয়া হয়।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, আন্দোলনকারীরা পুলিশ বক্স থেকে চেয়ার-টেবিল বের করে রাস্তায় ফেলে সেগুলোতে আগুন লাগিয়ে দিয়েছিল। বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে, শ্রমিকদের ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যান চলাচল স্বাভাবিক রয়েছে।







