দীর্ঘ আলোচনা ও দর-কষাকষির পর গোপন ভোটের মাধ্যমে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। এ বিষয়ে শিগগিরই সরকারি প্রজ্ঞাপন জারি করা হবে। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরিকাঠামো কার্যকর হওয়ার কথা রয়েছে।
নতুন মজুরিকাঠামোয় পোশাকশ্রমিকদের জন্য চারটি গ্রেড বহাল রাখা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ গ্রেড বা গ্রেড-১-এর শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৫০০ টাকা। গ্রেড-২-এর শ্রমিকদের মজুরি হবে ২০ হাজার টাকা এবং গ্রেড-৩-এর শ্রমিকদের ১৯ হাজার ২০০ টাকা। আর সর্বনিম্ন গ্রেড বা গ্রেড-৪-এর শ্রমিকদের মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে বোর্ডের চতুর্থ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বুধবার (২৫ নভেম্বর) ভোর ৪টায় সংবাদ ব্রিফিংয়ে নতুন মজুরিকাঠামো ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
সংবাদ ব্রিফিংয়ে চেয়ারম্যান জানান, প্রথম তিনটি গ্রেডের মজুরি নির্ধারণের বিষয়ে বোর্ডের সব সদস্য একমত হয়েছেন। তবে চতুর্থ গ্রেডের মজুরি নিয়ে সদস্যদের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়নি। এ কারণে বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫-এর ১২৯(২) বিধি অনুযায়ী গোপন ভোটের আয়োজন করা হয়।
পরে একই বিধিমালার ১২৯(১) বিধি অনুসারে সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে সর্বনিম্ন গ্রেডের মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব গৃহীত হয়।
এদিকে শিক্ষানবিশ শ্রমিকদের মজুরি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বোর্ডের চেয়ারম্যান জানান, শ্রমিকপক্ষ শিক্ষানবিশ মজুরির বিধান তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে। প্রজ্ঞাপনের খসড়া চূড়ান্ত করার সময় এ-সংক্রান্ত কারিগরি বিষয়গুলো পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।







