রাজশাহীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) রাত ১টার দিকে মহানগরীর সদর হাসপাতাল মোড়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের বিরুদ্ধেই আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র ব্যবহারের অভিযোগ উঠেছে।
জানা যায়, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাফায়েত হোসেন মান্নাতের নেতৃত্বে মহানগর ছাত্রদলের সদস্য সচিব ইমদাদুল হক মিলন (লিমন) ও তাঁর অনুসারীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলার শিকার নেতাকর্মীদের দাবি, নিষিদ্ধ ছাত্রলীগের সহযোগিতায় এই আক্রমণ পরিচালনা করা হয়েছে।
এ বিষয়ে ইমদাদুল হক মিলনের (লিমন) করা একটি ফেসবুক লাইভে তাঁকে বলতে শোনা যায়, মামলার আসামি ও ১১ নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাইনুরকে রাজপাড়া থানার টিভি পুকুর এলাকা থেকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সে সময় মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাফায়েত হোসেন মান্নাতের চাচাতো ভাই ওই এলাকায় আওয়ামী লীগের কথিত সন্ত্রাসীদের সঙ্গে বৈঠক করছিলেন বলে তিনি অভিযোগ করেন।
লিমন আরও অভিযোগ করেন, ছাত্রলীগ নেতা শাইনুরকে পুলিশের হাতে তুলে দেওয়ার কাজে ওই পক্ষ বাধা দেয়। পরে বাধা দানকারীকেও ছাত্রলীগের সহযোগী হিসেবে পুলিশের হাতে সোপর্দ করা হলে, বাসায় ফেরার পথে সদর হাসপাতাল মোড়ে শাফায়েত হোসেন মান্নাতের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়।
লিমনের দাবি, ছাত্রলীগের পক্ষ নিয়ে এই হামলা চালানো হয়েছে এবং এতে ছাত্রদলের অনেক নেতাকর্মী আহত হয়েছেন। হামলার সময় ঘটনাস্থলে রাজশাহী মহানগর যুবদলের দুই যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব ও ইসমাইল আলী রাহিসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বলেও তিনি জানান।
অন্যদিকে, প্রত্যক্ষদর্শীরা জানান, দুই পক্ষের মধ্যে দফায় দফায় হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে দেশীয় অস্ত্রের পাশাপাশি পিস্তল ও বোমা ব্যবহার করা হয়, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
স্থানীয় ও দলীয় তথ্য অনুযায়ী, লিমনসহ তাঁর নেতাকর্মীরা যখন সদর হাসপাতাল মোড়ে বসে ছিলেন, তখন মান্নাতসহ পাঁচ থেকে সাতটি মোটরসাইকেলে করে একটি দল সেখানে এসে উপস্থিত নেতাকর্মীদের ওপর চড়াও হয় এবং তাঁদের আহত করে।
ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে লিমন বলেন, যাঁরা দিনরাত পরিশ্রম করে নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, তাঁদের ওপরই যদি ছাত্রলীগের সহযোগিতায় হামলা চালানো হয়, তবে তাঁরা কোথায় যাবেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং হামলায় জড়িত ও ইন্ধনদাতাদের উপযুক্ত শাস্তির দাবি জানান।
এ ঘটনায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে প্রতিকার চেয়ে লিমন বলেন, মহানগর ছাত্রদলের একজন দায়িত্বশীল নেতা হয়েও নিজ দলের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে, যার দৃষ্টান্তমূলক প্রতিকার হওয়া জরুরি। বিষয়টি ইতোমধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বকেও অবহিত করা হয়েছে বলে জানান তিনি।
তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষ বা মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাফায়েত হোসেন মান্নাতের বক্তব্য জানতে তাৎক্ষণিকভাবে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।







