আজ বিকেলে বিএনপির গুলশান কার্যালয়ে আমার দেশ–এর স্টাফ রিপোর্টার জাহিদুল ইসলামের ওপর হামলা চালানো হয়। হামলায় জাহিদুল গুরুতর আহত হন এবং হামলাকারীরা তার মোবাইল ফোন ছিনিয়ে নেন।
রোববার (১৯ অক্টোবর) বিএনপির সিলেট বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের ডাকা সভা কাভার করতে অন্যান্য সাংবাদিকদের সঙ্গে জাহিদও সেখানে যান। একপর্যায় তিনি সভাকক্ষের দরজায় বিএনপির দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ভিডিও মোবাইলে ধারণ করতে থাকেন। এটিই গুলশান অফিসের কিছু কর্মীর ক্ষিপ্ত হওয়ার কারণ হয়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, মিডিয়া সেলের সঙ্গে সম্পৃক্ত আমরা বিএনপি পেজের ক্যামেরাপারসন ফয়সলের নেতৃত্বে একদল ব্যক্তি জাহিদের ওপর হামলা চালায়। তারা তাকে অফিসের দোতলার সিঁড়িতে নিয়ে গিয়ে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। একপর্যায় তার মোবাইল ছিনিয়ে আছড়ে ভেঙ্গে ফেলা হয় এবং আমার দেশ–এর পরিচয়পত্রও ছিনিয়ে নেওয়া হয়।
হামলাকারীরা জাহিদের দিকে বলতে থাকে যে, “আমার দেশ বিএনপির বিরুদ্ধে রিপোর্ট করছে, এখানে বিএনপির দোষ খুঁজতে পাঠানো হয়েছে।” পরে জাহিদের সঙ্গে রিপোর্ট কাভার করতে যাওয়া অন্য পত্রিকার সাংবাদিকরা তাকে উদ্ধার করেন।







