বগুড়ার শাজাহানপুরে দুই শিশু সন্তানের গলাকাটা লাশ এবং তাদের মায়ের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে খোট্টাপাড়া ইউনিয়নের খলিসাকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে এ লাশগুলো পাওয়া যায়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা—দাম্পত্য কলহের জেরে মা দুই সন্তানকে হত্যা করে পরে নিজে আত্মহত্যা করেছেন।
শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম পলাশ জানান, লাশ উদ্ধারের পর তদন্ত শুরু হয়েছে।
নিহত গৃহবধূ সাদিয়া আকতার (২৫) ওই গ্রামের মো. কাজলের স্ত্রী। নিহত দুই শিশু হলো—তিন বছরের মেয়ে সাইফা এবং এক বছরের ছেলে সাইফ।
পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সকালে বেশ দেরি হওয়া সত্ত্বেও ঘর না খুললে স্বজনরা ডাকাডাকি করেন। পরে দরজা খুলে তারা বিছানায় দুই শিশুর গলাকাটা রক্তাক্ত লাশ এবং ঘরের আড়ার সঙ্গে সাদিয়ার ঝুলন্ত দেহ দেখতে পান।
ওসি পলাশ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল শেষে তিনটি লাশ বগুড়া শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হবে। এটি আত্মহত্যা ও হত্যাকাণ্ডের ঘটনাই কি না, নাকি এর পেছনে অন্য কারণ আছে—তা তদন্তে বেরিয়ে আসবে।







