জুলাই অভ্যুত্থানের অগ্রনায়ক ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা এবং ইউরোপীয়ান ইউনিয়নের (ইইউ) হাইকমিশন।
শুক্রবার ঢাকায় অবস্থিত বিভিন্ন দূতাবাস ও কূটনৈতিক মিশন তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে পৃথক শোকবার্তা প্রকাশ করে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রকাশিত শোকবার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশের জনগণের সঙ্গে একাত্ম হয়ে তরুণ নেতা শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং তার পরিবার, বন্ধু ও সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।
যুক্তরাজ্য হাইকমিশনের শোকবার্তায় বলা হয়, তরুণ নেতা শরিফ ওসমান হাদির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে তার পরিবার, বন্ধু ও সমর্থকদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা রইল।
ইউরোপীয়ান ইউনিয়নের দূতাবাস তাদের বার্তায় জানায়, শরিফ ওসমান হাদির মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত। আমরা তার পরিবার, বন্ধু এবং শোকাহত সবার প্রতি সমবেদনা জানাচ্ছি।
এছাড়া কানাডার পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়েছে। ঢাকায় অবস্থিত কানাডিয়ান হাইকমিশনের শোকবার্তায় বলা হয়, ওসমান হাদির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এবং তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। একই সঙ্গে তারা নীতিগতভাবে যে কোনো ধরনের সংঘাতের বিরোধিতা করার কথা উল্লেখ করেছে।







