বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরেকে লক্ষ্য করে পরিকল্পিত একটি হত্যাচেষ্টা এবং সরকার অস্থিতিশীল করার ষড়যন্ত্র সেনাবাহিনী ব্যর্থ করে দিয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক সরকার। এই ষড়যন্ত্রটি চলতি বছরের ৩ জানুয়ারি বাস্তবায়নের পরিকল্পনা ছিল।
বুরকিনা ফাসোর নিরাপত্তামন্ত্রী মাহামাদু সানা এক বিবৃতিতে জানান, পরিকল্পিত এই ষড়যন্ত্রের মূল হোতা ছিলেন ক্ষমতাচ্যুত সাবেক নেতা লেফটেন্যান্ট কর্নেল পল-হেনরি সান্দাওগো দামিবা। অভিযোগ রয়েছে, এই ষড়যন্ত্রে বিদেশি অর্থায়ন ছিল এবং এতে কোত দিভোয়ারের সম্পৃক্ততার তথ্যও উঠে এসেছে।
সরকারি সূত্র জানায়, হত্যাচেষ্টা ও অস্থিতিশীলতার পরিকল্পনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের কার্যক্রম এখনও চলমান রয়েছে। দেশটির নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।







