সাভারের আশুলিয়ায় নির্বাচনের রেশ কাটতে না কাটতেই পরিবহনে চাঁদাবাজির চেষ্টার ঘটনা ঘটেছে। আজ সকালে বাইপাইল এলাকায় চলন্ত গাড়ি থামিয়ে চাঁদা দাবি করার সময় এক ব্যক্তিকে হাতেনাতে ধরে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা ও পরিবহন শ্রমিকরা।
প্রত্যক্ষদর্শী ও ভিডিও চিত্রে দেখা যায়, সকাল থেকেই বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের বিভিন্ন পয়েন্টে একদল ব্যক্তি গণপরিবহন থেকে অবৈধভাবে টাকা আদায়ের চেষ্টা করছিল। বিশেষ করে বাস ও রিকশা থামিয়ে তারা জোরপূর্বক অর্থ দাবি করছিল। এক পর্যায়ে একটি বাসের চালকের কাছে এক মাসের অগ্রিম চাঁদা দাবি করলে চরম উত্তেজনার সৃষ্টি হয়।
চাঁদাবাজির এই দৃশ্য দেখে স্থানীয় পথচারী এবং বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে। এ সময় উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয়। ভুক্তভোগী এক বাস চালক অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তি তার গাড়ি থামিয়ে চাঁদা দাবি করেছিল এবং টাকা না দিলে গাড়ি চলাচলে বাধা দেয়।
গণপিটুনির শিকার ব্যক্তি নিজেকে নির্দোষ দাবি করার চেষ্টা করলেও উপস্থিত জনতা ও সাংবাদিকদের কাছে নিজের পরিচয় সম্পর্কে কোনো সদুত্তর দিতে পারেননি। পরিবহন শ্রমিকরা সাফ জানিয়ে দিয়েছেন, স্ট্যান্ডে আর কোনো ধরনের চাঁদাবাজি বা মাস্তানি বরদাশত করা হবে না।
ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তিকে পুলিশে সোপর্দ করার প্রস্তুতি নেয়। নির্বাচনের পর কোনো অপশক্তি যেন পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য প্রশাসনের কাছে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। বর্তমানে ওই এলাকায় নিরাপত্তা নিশ্চিতে পুলিশি টহল জোরদার করার আহ্বান জানানো হয়েছে।







